C. Murugan vs Mahua Moitra

‘কুইক গান মুরুগন’! স্পেশ্যাল রোল অবজ়ারভারকে তামিল সুপারহিরোর সঙ্গে তুলনা মহুয়ার, কী জবাব মুরুগনের

এর আগে এসআইআর সম্পর্কিত নির্দেশ হোয়াট্‌সঅ্যাপে পাঠানো নিয়ে সি মুরুগনের বিরুদ্ধে অভিযোগ করেছে রাজ্যের শাসকদল। স্পেশ্যাল রোল অবজ়ারভার মুরুগনের পদত্যাগও দাবি করে রাজ্যের শাসকদল। ওই প্রেক্ষিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কটাক্ষ করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫০
C. Murugan vs Mahua Moitra

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এসআইআর প্রক্রিয়ায় আইএএস অফিসার সি মুরুগন ‘বনাম’ তৃণমূল দ্বন্দ্ব চলছেই। এ বার এক সপ্তাহ আগে তাঁকে নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কটাক্ষের জবাব দিলেন নির্বাচন কমিশনের স্পেশ্যাল রোল অবজ়ারভার মুরুগন। কৃষ্ণনগরের সাংসদ তাঁকে দক্ষিণী চলচ্চিত্রের সুপারহিরো ‘কুইক গান মুরুগন’-এর সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছিলেন। বুধবার সমাজমাধ্যমে পাল্টা পোস্ট করে মুরুগন জানালেন, ‘কুইক গান মুরুগন’-এর মতো এত আগ্নেয়াস্ত্র তাঁর নেই। তবে তিনি বন্দুকের আইনত কার্যকরী ব্যবহার জানেন। তামিলনাড়ুর প্রাক্তন পুলিশ আধিকারিক হিসাবে সেই প্রশিক্ষণ তাঁর নেওয়া আছে।

Advertisement

এসআইআর সম্পর্কিত নির্দেশ হোয়াট্‌সঅ্যাপে পাঠানো নিয়ে মুরুগনের বিরুদ্ধে অভিযোগ করে রাজ্যের শাসকদল। স্পেশ্যাল রোল অবজ়ারভার মুরুগনের পদত্যাগও দাবি করে রাজ্যের শাসকদল। তখনই মহুয়া কটাক্ষ করেছিলেন, ‘‘উনি তো ‘কুইক গান মুরুগন’। ওঁকে এখনই পদত্যাগ করতে হবে।’’ পাশাপাশি গত ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের উদ্দেশে সমাজমাধ্যমে মহুয়া লিখেছিলেন, ‘‘আপনাদের রোল অবজ়ারভার সি মুরুগনকে নিয়ন্ত্রণ করুন।’’ তৃণমূল সাংসদের অভিযোগ, ২০০৭ ব্যাচের আইএস অফিসার, বর্তমান টি বোর্ডের চেয়ারম্যান মুরুগন সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে গোপনে হোয়াট্‌সঅ্যাপে মাইক্রো অবজ়ারভারদের নির্দেশ পাঠাচ্ছেন। ওই পোস্টে আইএএস অফিসার মুরুগনকে খোঁচা দিয়ে ‘কুইক মুরুগন’-এর ছবি দিয়েছিলেন মহুয়া।

বুধবার তৃণমূল সাংসদের সেই পোস্ট ফেসবুকে তুলে ধরে আইএএস অফিসারের কটাক্ষ, ‘‘গুরুত্বপূর্ণ বিষয়: ছবিতে দেখানো এত বন্দুক আমার কাছে নেই। তবে, তামিলনাড়ুতে আমার সাড়ে চার বছরের পুলিশ সার্ভিসের সময় আমাকে বিভিন্ন ধরনের বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং আইনত এবং কার্যকর ভাবে সেগুলি ব্যবহার করেছি...।’’

এসআইআর আবহে গত ডিসেম্বরে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ‘ভোটারদের’ বিক্ষোভের মুখে পড়া মুরুগনের সঙ্গে তৃণমূলের ‘সংঘাত’ পুরনো। একদা তামিলনাড়ুর ডিএসপি পদমর্যদার আধিকারিক মুরুগন ইউপিএসসি দিয়ে পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস হন। আমলা হিসাবে রাজ্য প্রশাসনের বিভিন্ন পদে কাজ করেছেন। একসময় দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক ছিলেন। সেখান থেকে পদোন্নতি হয়ে রাজ্য পরিবহণ দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন মুরুগন। তবে তাঁর বিভিন্ন কাজ এবং পদক্ষেপে নবান্নের সঙ্গে দূরত্ব বাড়ে। বর্তমান টি বোর্ডের চেয়ারম্যান তিনি। যা তুলনায় কম ভারী পদ। তবে কমিশন মুরুগনকে পশ্চিমবঙ্গের এসআইআরের অন্যতম পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে অসম্ভব জনপ্রিয় হয়েছিল ‘কুইক গান মুরুগন’ চরিত্র। সেই তামিল কাউবয় এবং সুপারহিরো মুরুগানের সঙ্গে আইএএস মুরগানের তুলনা টেনে তাঁকে পরোক্ষে খোঁচা দিয়েছিলেন মহুয়া। পাল্টা কটাক্ষ করে জবাব দিলেন প্রাক্তন আইপিএস এবং বর্তমান আইএএস অফিসার মুরুগান।

Advertisement
আরও পড়ুন