ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
তীর্থ করতে বেরিয়ে ছিলেন ৩৫ জন ভিক্ষুর একটি দল। পিক আপ ট্রাক চালিয়ে তাঁদের পিষে দিল ১১ বছরের এক কিশোর। ট্রাকের ধাক্কায় মারা গেলেন মোট আট জন ভিক্ষু। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উত্তর-পূর্ব তাইল্যান্ডে। নাবালকের হাতে ট্রাকের স্টিয়ারিং ওঠায় পাঁচ জন ভিক্ষু ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিন জন হাসপাতালে মারা যান। ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৩৭৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত মুকদাহান প্রদেশে মোট ৩৫ জন ভিক্ষু এই তীর্থযাত্রা করছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দা এক নাবালক পিক আপ ট্রাকটি চালাচ্ছিল। পুলিশ জানিয়েছে, ছেলেটি তার বাবা-মায়ের পিকআপ ট্রাকটি অনুমতি ছাড়াই নিয়েছিল। এর পর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রার সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ৩৫ জন ভিক্ষুদলের উপর গাড়িটি চড়াও হয়।
‘রুয়াম জাই মুকদাহান রেসকিউ অ্যাসোসিয়েশন’ নামে একটি স্থানীয় উদ্ধারকারী দলের শেয়ার করা নিরাপত্তা ক্যামেরার ভিডিয়োয় দেখা যায়, ট্রাকটি তাঁদের ধাক্কা দেওয়ার ঠিক আগে ভিক্ষুরা রাস্তার পাশে এক সারিতে হেঁটে যাচ্ছিলেন। আহত ভিক্ষুদের অনেকেই পুলিশকে জানিয়েছেন, গাড়িটি রাস্তা থেকে পিছলে গিয়ে দলটিকে ধাক্কা দেওয়ার আগে তাঁরা সেটিকে এলোমেলো ভাবে ছুটে আসতে দেখেছিলেন।
‘আরটি_কম’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে শেয়ার করার পর ভিডিয়োটি প্রচুর মানুষের নজর কেড়েছে। ভিডিয়োটি পোস্ট করার পর বহু নেটাগরিক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিক্ষুদের উদ্দেশে অনেকেই সমবেদনা জানিয়েছেন। আবার নেটমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কী ভাবে এক নাবালকের হাতে গাড়ির চাবি পৌঁছোল। গাড়িটি ফরেন্সিক পরীক্ষার জন্য পুলিশ সেটিকে হেফাজতে নিয়েছে।