ছবি: এআই সহায়তায় তৈরি।
ই-কমার্স প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে উপহার নেওয়ার জন্য হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি শুরু করে দিলেন বিষয়স্রষ্টা ও নেটপ্রভাবীরা। নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা ও হাতাহাতির অভিযোগ তুলেছেন বহু নেটপ্রভাবী। তাঁদের অভিযোগের তীর অবশ্য আয়োজক সংস্থার দিকে। ১০০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ড, ৬,০০০-এর বেশি নেটপ্রভাবী ও বিষয়স্রষ্টা এবং বলিউড তারকা যোগ দিয়েছিলেন এই মেগা ইভেন্টে। শেষ পর্যন্ত গোটা অনুষ্ঠানটি বিশৃঙ্খলায় পর্যবসিত হয়। তারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে, ১৯ জুন দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সৌন্দর্য, মেক-আপ সংক্রান্ত ভিডিয়ো করেন এমন নেটপ্রভাবীরা সারা দেশ থেকে উপস্থিত ছিলেন। বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর এবং ভূমি পেডনেকরেরও অনুষ্ঠানে আসার কথা ছিল। শুরুতে অনুষ্ঠানটি সুন্দর ভাবে শুরু হলেও পরে অতিরিক্ত ভিড় এবং অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ উঠতে শুরু করে। অনুষ্ঠানের শেষে, যখন উপহারের ব্যাগ বিতরণ করা হচ্ছিল, তখনই পরিস্থিতি হঠাৎ বিগড়ে যায়। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে উপহারের ব্যাগগুলি পাওয়ার জন্য নেটপ্রভাবীরা একে অপরকে ধাক্কা দিচ্ছেন, এমনকি কেউ কেউ জিনিসগুলো নেওয়ার জন্য কাউন্টারেও ঢুকে পড়েন।
‘ইন্ডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্স’ নামের এক্স হ্যান্ডলে সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, ই-কমার্স প্লাটফর্মটি অতিরিক্ত চালাকি করে সৌন্দর্য ও প্রসাধনী পণ্যের প্রচারের চেষ্টা করেছিল। এর জন্য ৩৫ বছরের কম বয়সি এবং ইনস্টাগ্রামে ২,০০০-এর বেশি ফলোয়ার থাকা তরুণীদের আমন্ত্রণ জানিয়েছিল। উপহারেরও প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু পরে তা দিতে অস্বীকার করে। নেটপ্রভাবীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগও উঠেছে সংস্থার বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে উপস্থিত অতিথিরা সেখানে থাকা জিনিসপত্র লুট করেন।
ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে। সংস্থার অব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন অনেক নেটাগরিক। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এমনিতেই ই-কমার্স প্লাটফর্মটির পরিষেবার মান অত্যন্ত খারাপ। নেটপ্রভাবীরাও এখন বুঝতে পারছেন কাদের হয়ে তাঁরা প্রচার করছেন।’’