viral video

গাড়ির সারি দেখে খড়্গ দিয়ে জিপ তুলে ফেলার চেষ্টা ক্ষিপ্ত একশৃঙ্গের! আতঙ্কে চিৎকার আরোহীদের, তার পর...

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গন্ডারটি হঠাৎ করে স্থির থাকা সাফারির জন্য ব্যবহৃত জিপটির দিকে এগিয়ে এসে শিং দিয়ে সজোরে সেটিতে ধাক্কা মারে। এক বার ধাক্কা মেরেই ক্ষান্ত হয়নি প্রাণীটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১০:৪৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সাফারির জিপ দেখে তেড়ে গেল একশৃঙ্গ গন্ডার। অসমের মানস জাতীয় উদ্যানে পর্যটকবাহী জিপ দেখে খেপে গেল বন্যপ্রাণীটি। জাতীয় উদ্যানের বাঁশবাড়ি রেঞ্জে দাঁড়িয়ে থাকা জিপের উপর আক্রমণ হানে সেটি। অসমের মানস জাতীয় উদ্যোনে ঘুরতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হয়ে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি কবে তোলা হয়েছে তা সঠিক জানা যায়নি। পর্যটকদের ক্যামেরায় ধরা পড়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

অভরায়ণ্যে মানুষের যাতায়াত বাড়ছে। তাদের চলাফেরায়, কথাবার্তায় বিরক্ত হয়ে উঠছে বন্যপ্রাণ। মানুষের অনুপ্রবেশের জন্য খেপে উঠছে বনের প্রাণী। তাই মাঝেমধ্যেই অসহিষ্ণু আচরণ করে বসছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গন্ডারটি হঠাৎ করে স্থির থাকা সাফারির জন্য ব্যবহৃত জিপটির দিকে এগিয়ে এসে শিং দিয়ে সজোরে সেটিতে ধাক্কা মারে। এক বার ধাক্কা মেরেই ক্ষান্ত হয়নি প্রাণীটি। বার বার ঢুঁ মেরে জিপটিকে উল্টে ফেলার চেষ্টা করে সে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিরাট বপুর প্রাণীটির ধাক্কায় গাড়িটি কেঁপে উঠছে। গাড়িতে থাকা পর্যটকেরা দৃশ্যত আতঙ্কিত হয়ে পড়েন। তবে চালক সময়মতো জিপটিকে সরিয়ে নিতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘নেক্সটমিনিটনিউজ়’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ তা দেখেছেন। গন্ডারটি সাফারির প্রথম গাড়িটিকে আক্রমণ করার ফলে আতঙ্কের চোটে পর পর সব গাড়ি দাঁড়িয়ে পড়ে। গন্ডারের আক্রমণের ঘটনা মানস অভয়ারণ্যে অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০২৫ সালে সাফারি জিপ লক্ষ্য করে প্রবল গতিতে তেড়ে এসেছিল একটি একশৃঙ্গ গন্ডার। জিপের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে তেড়ে এসেছিল সেটি। শেষমেশ কোনও রকমে গন্ডারের আক্রমণ থেকে প্রাণে বেঁচে ফেরেন পর্যটকেরা। সেই ভিডিয়োটিও ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে।

Advertisement
আরও পড়ুন