viral video

শৌচাগারে কমোডের ঢাকনা তুলতেই সাক্ষাৎ মিলল ‘যমদূতের’! বড় বিপদ এড়ালেন তরুণ, ভিডিয়ো ভাইরাল

একটি রিসর্টে বেড়াতে আসা পাঁচ বন্ধুর মধ্যে একজন কমোডের মধ্যে অদ্ভুত কিছু একটা নড়াচড়া করতে দেখেন। তিনি প্রথমে ভেবেছিলেন টয়লেটটি ঠিকমতো ফ্লাশ করা হয়নি। কিন্তু আরও এক বার ফ্লাশ করার পর সেখান থেকে একটি সাপের মাথা লাফিয়ে বেরিয়ে আসে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৯:৫০

ছবি: সংগৃহীত।

ছুটি কাটাতে গিয়ে ভয়ানক এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন পাঁচ তরুণ। ফিলিপিন্সের একটি রিসর্টে ছুটি কাটাতে গিয়ে হোটেলের শৌচাগারের কমোডের দেখা মিলল অনাহুত অতিথির। সেই অতিথি সাধারণ কেউ নয়। যার এক ছোবলেই সর্বনাশ। হোটেলের শৌচালয়ের কমোডে আশ্রয় নিয়েছিল একটি শঙ্খচূড়। কমোডটির ঢাকনা তুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় এক তরুণের। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দাবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে সালভাদর বেনেডিক্টোর একটি রিসর্টে, রিসর্টটি ফিলিপিন্সের নর্দার্ন নেগ্রোস ন্যাচারাল পার্কের অংশ। সেখানে থাকা পাঁচ বন্ধুর মধ্যে একজন কমোডের মধ্যে অদ্ভুত কিছু একটা নড়াচড়া করতে দেখেন। জলের মধ্যে কালো রঙের একটি পদার্থ লক্ষ করেন। তিনি প্রথমে ভেবেছিলেন টয়লেটটি ঠিকমতো ফ্লাশ করা হয়নি। কিন্তু আরও এক বার ফ্লাশ করার পর সেখান থেকে একটি সাপের মাথা লাফিয়ে বেরিয়ে আসে। সেই দৃশ্যটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তরুণেরা। একটি সরু গাছের ডাল দিয়ে ছোট আকারের শঙ্খচূড়টিকে টেনে তোলার চেষ্টা করতে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। এর কিছু ক্ষণ পরেই সাপটি বেরিয়ে ফণা তুলে দাঁড়িয়ে পড়ে।

প্রথমে তরুণেরা প্রাণীটিকে একটি নিরীহ সাপ বলে মনে করেছিলেন। ঘটনার ভিডিয়ো অনলাইনে পোস্ট হওয়ার পর সরীসৃপপ্রেমীরা জানান, এটি সম্ভবত কিং কোবরা বা শঙ্খচূড়, যা বিশ্বের অন্যতম মারাত্মক বিষধর সাপ। ভিডিয়োটি ‘কনট্রাস্ট পলিটিকো’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সালভাদর বেনেডিক্টোতে এর আগেও শঙ্খচূড়ের দেখা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। সুপারিনটেনডেন্ট জিনা গেরাঙ্গায়ার মতে, সাপটি বন্দিদশা থেকে পালিয়ে থাকতে পারে। এই অঞ্চলটির প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সরীসৃপটি হয়তো আরও শীতল কোনও লুকোনোর জায়গা খুঁজছিল বলে মনে করছেন রিসর্ট কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন