—প্রতীকী ছবি।
আদালতের পিওন পদে চাকরি করতে চান তরুণ। চাকরির জন্য আবেদনও করেছিলেন। চার বছর পর সেই শূন্যপদের জন্য নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে পেয়ে চমকে গেলেন তরুণ। অ্যাডমিট কার্ডে তাঁর ছবির পরিবর্তে রয়েছে একটি গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুরের ছবি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় অ্যাডমিট কার্ডের ছবিটি ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মদন মোহন সোনি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই পোস্ট থেকে জানা গিয়েছে, বিহারের রোহতাস জেলার আদালতে পিওন পদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল চার বছর আগে। সেই বিজ্ঞপ্তি প্রকাশের পর রাকেশ কুমার নামে এক তরুণ চাকরির জন্য আবেদন করেছিলেন। আবেদন জমা দেওয়ার সময় প্রাপ্তিস্বীকার সংক্রান্ত নথিও পেয়েছিলেন। এর পর কেটে যায় চার বছর। সম্প্রতি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। চলতি মাসেই সেই পরীক্ষা হওয়ার কথা। তবে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর চমকে যান রাকেশ।
অ্যাডমিট কার্ডের যে জায়গায় পরীক্ষার্থীর ছবি থাকার কথা, সেখানে রয়েছে একটি গোল্ডেন রিট্রিভারের ছবি। কুকুরটি আবার জিভ বার করে রয়েছে। নিজের বদলে কুকুরটির ছবি দেখে চিন্তিত হয়ে পড়েন রাকেশ। তিনি জানান, আবেদনের সময় সঠিক ছবিই জমা দিয়েছিলেন তিনি।
আবেদন প্রক্রিয়ার সময় তাঁকে যে নথি দেওয়া হয়েছিল, তা থেকেই প্রমাণ পাওয়া যেতে পারে। এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষের কাছে একাধিক অভিযোগ দায়ের করেছেন রাকেশ। তবে পরীক্ষার তারিখ আসন্ন হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষের তরফে কোনও সাড়া পাননি বলে জানিয়েছেন তিনি। যত দ্রুত সম্ভব এই ভ্রান্তি সংশোধন করার জন্য অনুরোধ করেছেন রাকেশ, যেন পরীক্ষা দিতে যাওয়ার আগে এ নিয়ে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়। রবিবার সেই পরীক্ষা হওয়ার কথা ছিল। অবশ্য তরুণ সেই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দেওয়ার অনুমতি পেয়েছেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।