Viral Video

বাঁক নিতে গিয়ে বাসের দরজা গেল খুলে, চলন্ত বাস থেকে রাস্তায় ছিটকে পড়ল দুই বোন, ভিডিয়ো ভাইরাল

বাঁক নেওয়ার সময় হঠাৎ বাসের দরজাটি খুলে যায়। এক বালিকা চলন্ত বাস থেকে ছিটকে মাঝরাস্তায় পড়ে যায়। দিদিকে বাঁচাতে গিয়ে টাল সামলাতে না পেরে রাস্তায় ছিটকে পড়ে যায় তার বোনও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১০:১৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

একই স্কুলে পড়ার কারণে একসঙ্গেই বাসে যাতায়াত করে দুই বোন। মঙ্গলবার সকালে বাসে উঠে আর বসার জায়গা পায়নি তারা। তাই বাসের দরজার কাছেই দু’জনে দাঁড়িয়েছিল। রাস্তায় বাঁক নিতে গিয়ে আচমকা দরজা খুলে যায় বাসটির। চলন্ত বাস থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় তারা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘হেট ডিটেক্টর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাস রাস্তায় বাঁক নিচ্ছিল। হঠাৎ চলন্ত বাস থেকে মাঝরাস্তায় ছিটকে পড়ে যায় দুই স্কুলপড়ুয়া। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি মঙ্গলবার সকালে কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার কালিয়া গ্রামের রেশমে রোডের পেট্রল পাম্পের কাছে ঘটেছে।

দুই স্কুলপড়ুয়া সম্পর্কে বোন। স্কুল যাওয়ার জন্য পুট্টুর থেকে গেরুকাট্টে যাওয়ার বাসে উঠেছিল দুই বোন। বসার জায়গা পায়নি বলে বাসের দরজার কাছে দাঁড়িয়েছিল তারা। দিদি দাঁড়িয়েছিল দরজার সামনের ফুটবোর্ডের উপর। বাঁক নেওয়ার সময় হঠাৎ বাসের দরজাটি খুলে যায়। এক বালিকা চলন্ত বাস থেকে ছিটকে মাঝরাস্তায় পড়ে যায়।

দিদিকে বাঁচাতে গিয়ে টাল সামলাতে না পেরে রাস্তায় ছিটকে পড়ে যায় তার বোনও। দুই স্কুলপড়ুয়াকে চলন্ত বাস থেকে পড়ে যেতে দেখে সেখানে ছুটে যান স্থানীয়েরা। সঙ্গে সঙ্গে তাদের বাবা-মাকে খবর পাঠানো হয়। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরা। দুই স্কুলপড়ুয়াকে আহত অবস্থায় উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন