Viral Video

বিবাহবিচ্ছেদের আনন্দ! প্রতিজ্ঞাপূরণে ৯ কিমি দণ্ডি কাটলেন তরুণ, মন্দির পৌঁছোলেন রক্তাক্ত অবস্থায়, ভাইরাল ভিডিয়ো

উত্তরপ্রদেশের বাস্তির সোনহা থানা এলাকার ওই তরুণের নাম যোগেশ। দু’বছর আগে বিয়ে হয় তাঁর। সম্পর্কের শুরু থেকেই দাম্পত্য কলহে জড়়িয়ে পড়েছিলেন যোগেশ এবং স্ত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৩:১১
Man from Uttar Pradesh perform Dandavat Yatra after divorce

দণ্ডি কাটছেন ওই তরুণ। ছবি: এক্স থেকে নেওয়া।

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আনন্দ! প্রতিজ্ঞাপূরণ করতে বন্ধুদের সঙ্গে নিয়ে দণ্ডি কাটলেন তরুণ। দণ্ডি কাটতে কাটতে গেলেন ৯ কিলোমিটার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাস্তি এলাকায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে সমালোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের বাস্তির সোনহা থানা এলাকার ওই তরুণের নাম যোগেশ। চার বছর আগে বিয়ে হয় তাঁর। সম্পর্কের শুরু থেকেই দাম্পত্য কলহে জড়়িয়ে পড়েছিলেন যোগেশ। দম্পতির মধ্যে বিবাদ লেগেই থাকত। মতবিরোধের জেরে প্রায়ই বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়তেন তাঁরা। ফলে উভয়েরই মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ে। জানা গিয়েছে, সেই সময়ই নাকি ভানপুরের একটি মন্দিরে গিয়ে অদ্ভুত প্রতিজ্ঞা করেছিলেন যোগেশ। প্রতিজ্ঞা করেছিলেন, বিয়ে থেকে ‘মুক্তি’ পেলে তিনি তাঁর গ্রাম থেকে দণ্ডি কেটে মন্দির পর্যন্ত আসবেন। এর পর যোগেশ এবং স্ত্রীর মধ্যে সাংসারিক সমস্যা আরও বাড়তে থাকায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন উভয়েই। সম্প্রতি সেই বিচ্ছেদ হয়েছে।

স্ত্রীর থেকে আলাদা হওয়ার পরেই বিচ্ছেদ উদ্‌যাপন করতে এবং প্রতিজ্ঞাপূরণ করতে বাড়ি থেকে ভানপুরের ওই মন্দির পর্যন্ত দণ্ডি কাটার সিদ্ধান্ত নেন যোগেশ। সঙ্গে নেন বন্ধুবান্ধব এবং পরিবারকে। ভোরবেলা খাবার-জল না খেয়ে দণ্ডি কাটতে কাটতে ৯ কিলোমিটার যাত্রা করেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, যোগেশের বাবা-মা এবং তাঁর বন্ধুরা রাস্তায় ভক্তিমূলক স্লোগান দিতে দিতে তাঁকে সমর্থন জোগান। সন্ধ্যা ৬টা নাগাদ রক্তাক্ত হাঁটু এবং ক্লান্তি নিয়ে মন্দিরে পৌঁছোন তরুণ।

যোগেশের দণ্ডি কাটার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হেট ডিটেক্টর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। যোগেশের দণ্ডি কাটার ঘটনাটি গ্রামের সীমানা ছাড়িয়ে বহু দূর পর্যন্ত আলোচনার জন্ম দিয়েছে। অনেকে যেমন যোগেশের সমর্থনে আওয়াজ তুলেছেন, তেমনই অনেকে বিবাহবিচ্ছেদ উদ্‌যাপন করার জন্য তরুণের নিন্দায় মুখর হয়েছেন।

Advertisement
আরও পড়ুন