ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্কুল চলাকালীন ক্লাসের মেঝেয় শুয়ে ছাত্রীকে দিয়ে গা-হাত-পা মালিশ করানোর অভিযোগ উঠল প্রধানশিক্ষিকার বিরুদ্ধে। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষিকার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এক জন কিশোরী ছাত্রী তাঁর পা মালিশ করে দিচ্ছিল। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শিক্ষিকার নাম মধু রাই। ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রধানশিক্ষিকা মধু একটি শ্রেণিকক্ষের মেঝেয় শুয়ে মোবাইল ফোন ঘাঁটছেন। স্কুলেরই পোশাক পরা ছাত্রীরা বেঞ্চে বসে আছে। তাদের মধ্যে এক ছাত্রী বেঞ্চে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রধানশিক্ষিকার শরীরের উপরে উঠে মালিশ করে চলেছে। কারভির নয়া বাজার এলাকার এই সরকারি স্কুলের ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে শিক্ষা দফতর। গত শুক্রবার মধুকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। ঘটনাটি নজরে আসার পর, শিক্ষা দফতরের আধিকারিকেরা শুক্রবার স্কুল পরিদর্শনের জন্য একটি দল পাঠান। সে দিন অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলেন অভিযুক্ত শিক্ষিকা। শিক্ষার্থীরা পরিদর্শনকারী দলকে জানায় যে, প্রধানশিক্ষিকা নিয়মিত তাদের দিয়ে স্কুলে মালিশ করাতেন।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘সূরজকেআরবুধ’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘অধ্যক্ষ নিজেই যদি এ ভাবে শিশুদের শোষণ করেন তবে তাদের ভবিষ্যৎ কী ভাবে তৈরি হবে?” ভিডিয়োটি নিয়ে বিতর্ক হওয়ার পর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধানশিক্ষিকা। তিনি দাবি করেছেন যে ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়তায় তৈরি করা হয়েছে।