Viral Video

পাকিস্তানে বিক্রি হচ্ছে ভারতীয় খাবার, দোসা চাখতে গিয়ে দাম শুনে ভিরমি খেলেন বিদেশি তরুণ! সমাজমাধ্যমে নিন্দার ঝড়

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বিদেশি পর্যটক পাকিস্তানের একটি খাবারের বাজারে এসে পৌঁছেছেন। বাজারটিতে মানুষের উপচে পড়া ভিড়। রাঁধুনিরা অত্যন্ত যত্ন সহকারে ভারতীয় খাবার তৈরি করছেন। পাকিস্তানে ভারতীয় খাবারের এত চাহিদা দেখে তিনি আশ্চর্য হয়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৬:৪৩

ছবি: সংগৃহীত।

রাস্তাঘাটে খাবার দোকানে বিভিন্ন ধরনের দোসা আমরা কমবেশি খেয়েই থাকি। সেগুলির দাম সাধারণত ৫০ থেকে ১৫০ টাকার মধ্যেই ঘোরাফেরা করে। বিদেশে অবশ্য সেই দাম কিছুটা বেশি। তবে ভারতে রাস্তার দোকানে বিক্রি হওয়া দোসার দাম সাধারণত আয়ত্তের মধ্যেই থাকে। কিন্তু পাকিস্তানে রাস্তায় ধারে বিক্রি হওয়া একটি দোসার দাম শুনে চমকে গেলেন এক বিদেশি পর্যটকও। সাধারণ মানের একটি দোকানের দোসার দাম শুনে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। তাঁর পাকিস্তান ভ্রমণের অভিজ্ঞতার একটি ভিডিয়োটিই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বিদেশি পর্যটক পাকিস্তানের একটি খাবারের বাজারে এসে পৌঁছেছেন। বাজারটিতে মানুষের উপচে পড়া ভিড়। রাঁধুনিরা অত্যন্ত যত্ন সহকারে ভারতীয় খাবার তৈরি করছেন। পাকিস্তানে ভারতীয় খাবারের এত চাহিদা দেখে তিনি আশ্চর্য হয়ে যান। সেই খাবারের সম্ভার দেখে তাঁরও দোসা খাওয়ার ইচ্ছা জাগে এবং দাম জিজ্ঞাসা করার জন্য তিনি একটি দোকানের দিকে এগিয়ে যান। মেন্যুতে দোসার দাম দেখে তাক লেগে যায় তাঁর। মশলা দোসা থেকে শুরু করে বিভিন্ন মাংসের পুর দেওয়া দোসা বিক্রি হচ্ছে সেখানে। সেই দোসার দাম পাকিস্তানি মুদ্রায় ৬০০ থেকে ৮০০ -এর মধ্যে। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখানো দোসার মেনু কার্ড দেখে তাঁরা বিশ্বাসই করতে পারেন না, যে দোসার দাম ভারতে ৬০-১২০ টাকা, তা পাকিস্তানে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

‘আইঅ্যামকার্লরক’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি দেখার পর নেটমাধ্যম জুড়ে বিতর্ক ও সমোলোচনার ঝ়ড় উঠেছে। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই দোসা ভারতে মাত্র ৬০ টাকাতেই সহজে পাওয়া যায়। এরা দশ গুণেরও বেশি দাম চাইছে।’’ অন্য এক জনের দাবি, ‘‘দোসা একটি নিরামিষ খাবার। এতে মাংস দেওয়ার কোনও যুক্তি নেই।’’ তৃতীয় নেটাগরিকের মন্তব্য, “দোসা শুধুমাত্র দক্ষিণ ভারতেই পাওয়া যায়; বাকি সব নকল।’’

Advertisement
আরও পড়ুন