ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জনসাধারণের ব্যবহারের জন্য মহিলা এবং পুরুষদের শৌচালয় ছিল পাশাপাশি। হঠাৎ মহিলাদের শৌচালয়ে ঢুকে পড়ল একটি বিশাল শঙ্খচূড়। মেঝের উপর এঁকেবেঁকে চলে সে ঢুকে পড়ল পুরুষদের শৌচালয়ে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শৌচালয়ের ভিতর একটি বিশাল শঙ্খচূড় ঘুরে বেড়াচ্ছে। মহিলাদের শৌচালয়ের ভিতর দিয়ে সে পুরুষদের শৌচালয়ে ঢুকে পড়ল। কিছু ক্ষণ এঁকেবেঁকে চলার পর সেই শৌচালয় থেকে বাইরে বেরিয়ে যায় সাপটি। সম্প্রতি এই ঘটনাটি সিঙ্গাপুরের সাংগেই বুলোহ নেচার পার্কে ঘটেছে। জঙ্গল থেকে বিষধর শঙ্খচূড়টি শৌচালয়ে ঢুকে পড়েছিল।
কর্তৃপক্ষ সূত্রে খবর, শঙ্খচূড়ের দৈর্ঘ্য ছিল সাড়ে ছ’ফুটের কাছাকাছি। সেই সময় শৌচালয় দু’টির ভিতর কেউ ছিলেন না। শঙ্খচূড়টিকে শৌচালয়ের ভিতর ঢুকতে দেখে এক প্রত্যক্ষদর্শী সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। জানা গিয়েছে, শঙ্খচূড়টি নিজে থেকেই শৌচালয় থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। ভিডিয়োটি দেখে আশঙ্কা প্রকাশ করে এক জন লিখেছেন, ‘‘ভাগ্যিস সেই সময় শৌচালয়ে কেউ ছিলেন না। না হলে বড় রকমের বিপদ হতে পারত।’’ আবার এক নেটাগরিক এই প্রসঙ্গে মজা করে লিখেছেন, ‘‘শৌচালয় রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কি না, তা তদারকি করতে ঢুকেছিল শঙ্খচূড়টি। অভিযোগের জায়গা ছিল না বলে আবার চুপচাপ জঙ্গলের দিকে চলে যায়।’’