ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মধ্যরাতে উড়ালপুলের নীচে দামি গাড়ি বিপজ্জনক ভাবে গোল গোল করে ঘুরিয়ে ‘স্টান্ট’ দেখাচ্ছিলেন এক তরুণ। কয়েক পাক গাড়ি নিয়ে ঘোরার পর আবার সোজা রাস্তায় জোরে গাড়ি ছুটিয়ে চলে গেলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়তে তা পুলিশের নজর কাড়ে। চালকের বিরুদ্ধে মামলা দায়ের করতে প্রকাশ্যে আসে সত্য।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি বেঙ্গালুরুর এমজি রোডের অনিল কুম্বলে সার্কলে উড়ালপুলের নীচে শুক্রবার মধ্যরাতে এক তরুণ সাদা রঙের ল্যাম্বরঘিনি নিয়ে বিপজ্জনক ‘স্টান্ট’ দেখাতে শুরু করেন। কয়েক পাক তীব্র গতিতে গাড়িটি নিয়ে ঘোরার পর সোজা রাস্তায় ছুটে চলে যান তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা ট্রাফিক পুলিশের নজরে পড়ে।
মামলা দায়ের করে তদন্ত শুরু করে বেঙ্গালুরু পুলিশ। জানা যায়, সেই গাড়িটি কর্ণাটকের প্রয়াত কুখ্যাত গ্যাংস্টার মুত্থাপ্পা রাইয়ের পুত্র রিকি রাইয়ের। সঙ্গে সঙ্গে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। রিকির আইনজীবী নারায়ণস্বামী এই প্রসঙ্গে জানান, গাড়িটি যে রিকির সে প্রসঙ্গে কোনও সন্দেহ নেই। ঘটনার সময় রিকি গাড়িতেই ছিলেন। কিন্তু তিনি গাড়ি চালাচ্ছিলেন না। তাঁর চালকই চালাচ্ছিলেন গাড়িটি।
মাঝরাস্তায় গাড়ি নিয়ে কোনও কেরামতিই নাকি দেখাননি তাঁরা। আইনজীবীর দাবি, রাস্তাটি নতুন করে তৈরি করা হয়েছিল। সেখান দিয়ে যাওয়ার সময় গাড়ির চালক ব্রেক কষেছিলেন। কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে শুরু করে। দক্ষতার সঙ্গে গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে আসেন চালক। তার পর সেখান থেকে চলে যান।