Viral Video

রাস্তায় ছুটতে গিয়ে চলন্ত বাসের সামনে চলে এল একরত্তি! অল্পের জন্য রক্ষা পেল প্রাণ, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

রাস্তা দিয়ে কোনও গাড়ি যাতায়াত করছিল না দেখে অটোর সামনে থেকে রাস্তার অন্য দিকে দৌড়ে যাচ্ছিল এক বালিকা। একটি বাস যে ছুটে আসছে তা খেয়াল করেনি একরত্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ফাঁকা রাস্তা দেখে সেখানে ছোটাছুটি করছিল এক বালিকা। ছুটতে গিয়ে হঠাৎ চলন্ত বাসের সামনে চলে যায় সে। মুহূর্তের মধ্যে চালক বাস থামিয়ে দেন। বালিকাও চকিতের মধ্যে বিপদ বুঝে থমকে দাঁড়ায়। কয়েক ইঞ্চি দূরত্বের জন্য প্রাণে বেঁচে যায় একরত্তি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘হুকঅনলাইন_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার এক ধারে একটি অটো দাঁড়িয়ে রয়েছে। রাস্তা দিয়ে কোনও গাড়ি যাতায়াত করছে না দেখে অটোর সামনে থেকে রাস্তার অন্য দিকে দৌড়ে যাচ্ছিল এক ছোট মেয়ে। একটি বাস যে ছুটে আসছে তা খ‌েয়াল করেনি সে। বাসের চালকও প্রথমে খেয়াল করেননি।

দৌড়োনোর সময় একেবারে চলন্ত বাসের সামনে এসে পড়ে একরত্তি। মুহূর্তের মধ্যে বাসের চালক ব্রেক কষে দাঁড়িয়ে পড়েন। ওই বালিকাও বিপদের ভয়াবহতা বুঝে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের হঠকারিতায় বড় রকম দুর্ঘটনা হতে পারত। গুটি গুটি পায়ে সে আবার রাস্তার ধারে দাঁড়ানো অটোর কাছে চলে যায়।

এই ঘটনাটি সোমবার কেরলের কোঝিকোড়ের কোদিয়াথুড় এলাকায় ঘটেছে। বরাতজোরে প্রাণে বেঁচে যায় ওই বালিকা। ভিডিয়োটি দেখে নেটপাড়ার একাংশের প্রশ্ন, ‘‘এতটুকু বাচ্চাকে একা একা রাস্তায় ছেড়ে দেওয়া একেবারেই উচিত হয়নি। তার বাবা-মা কোথায় ছিলেন?’’ আবার এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাচ্চাটি সঠিক সময়ে থেমে গিয়েছে। এমনকি, বাসের চালকও সেই মুহূর্তে ব্রেক কষেছেন। ভাগ্যের জোরে বড় রকমের দুর্ঘটনা এড়ানো গিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন