Viral Video

শাড়ি পরে চলন্ত ট্রেনের হাতল ধরে শিশুর মতো দোল খাচ্ছেন বৃদ্ধা! লোকাল ট্রেনের ভিডিয়ো ভাইরাল

ট্রেনে উঠে হাতল ধরে ঝুলে পড়ে শিশুদের মতো খেলা করছেন বৃদ্ধা। পা মুড়ে হাতল ধরে ঝুলে ক্রমাগত দোল খাচ্ছেন তিনি। এই দৃশ্য দেখে ক্যামেরাবন্দি করলেন কামরার এক যাত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১১:১৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দু’কাঁধ থেকে ঝুলছে হাতব্যাগ। শাড়ি আলুথালু। পায়ে হাওয়াই চটি। লোকাল ট্রেনে মহিলা কামরায় চটজলদি উঠে পড়লেন তিনি। কামরায় বসার জায়গা ফাঁকা নেই। কিন্তু আরাম করে দাঁড়ানোর জন্য বিস্তর জায়গা। ট্রেনের আসনের দিকে না গিয়ে বৃদ্ধা দাঁড়িয়ে থাকলেন দরজার কাছেই। কখনও ডান দিকে মুখ করে দাঁড়াচ্ছেন, কখনও আবার বাঁ দিকে। চলন্ত ট্রেনের হাতল ধরে শিশুদের মধ্যে ঝুলে পড়ছেন তিনি। পা মুড়ে দোল খেয়ে চলেছেন মনের আনন্দে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সুবর্ষা০৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধা চলন্ত ট্রেনের মহিলা কামরায় উঠে পড়ে হাতল ধরে ঝুলছেন। সম্প্রতি এই ঘটনাটি মুম্বইয়ের লোকাল ট্রেনে ঘটেছে। ট্রেনে উঠে হাতল ধরে ঝুলে পড়ে শিশুদের মতো খেলা করছেন বৃদ্ধা।

পা মুড়ে হাতল ধরে ঝুলে ক্রমাগত দোল খাচ্ছেন তিনি। এই দৃশ্য দেখে ক্যামেরাবন্দি করলেন কামরার এক যাত্রী। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বয়স শুধুমাত্র সংখ্যায় বেড়েছে। হৃদয় থেকে এখনও শিশুই রয়েছেন বৃদ্ধা। এমনই আনন্দে দিন কাটাতে থাকুন।’’

Advertisement
আরও পড়ুন