Viral Video

মুখ্যমন্ত্রীর কপ্টার নামার আগে হেলিপ্যাডে ঢুকে পড়ল ষাঁড়! শিং উঁচিয়ে তাড়া করল পুলিশকে, বিহারের ভিডিয়ো ভাইরাল

মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার যেখানে নামার কথা, স্বাভাবিক ভাবেই সেই এলাকায় কড়া নিরাপত্তা ছিল। ঘটনাস্থলে মোতায়েন ছিলেন প্রচুর পুলিশকর্মী। কোনও ভাবে সেই মাঠে ঢুকে পড়ে একটি ষাঁড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৫:৪০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আর কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার মাঠে নামবে। সুরক্ষার জন্য মাঠের চারদিকে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তবুও সব বাধা টপকে সেই মাঠে ঢুকে পড়ল একটি ষাঁড়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য ঘটনাস্থলে যে পুলিশকর্মীরা মোতায়েন ছিলেন, তাঁদের তাড়া করতে শুরু করল ষাঁড়টি। ষাঁড়ের গুঁতো খাওয়ার ভয়ে দৌড়োলেন এক পুলিশকর্মী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সচিন গুপ্ত’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ষাঁড় ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েছে। এক পুলিশকর্মীর পিছনে তাড়া করেছে সে। পুলিশকর্মী প্রাণপণে দৌড়োচ্ছেন। এই ঘটনাটি শনিবার বিহারের বেগুসরাই জেলায় ঘটেছে।

একটি কর্মসূচি উপলক্ষে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আসার কথা ছিল বেগুসরাই জেলায়। যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই মাঠটিকে ব্যারিকেড দিয়ে ভাল ভাবে ঘিরে ফেলা হয়। অনুমতি ছাড়া হেলিপ্যাডে কারও প্রবেশ নিষিদ্ধ করা হয়। মুখ্যমন্ত্রীর কপ্টার যেখানে নামার কথা, সেই এলাকাতেও কড়া নিরাপত্তা ছিল।

ঘটনাস্থলে মোতায়েন ছিলেন প্রচুর পুলিশকর্মী। কোনও ভাবে সেই মাঠে ঢুকে পড়ে একটি ষাঁড়। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশকর্মীকে তাড়া করে সেটি। পুলিশকর্মী দৌড়ে ষাঁড়টির নাগালের বাইরে চলে যান। পরে ষাঁড়টিকে সেখান থেকে বার করার ব্যবস্থা করা হয়।

ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। কেউ কেউ আবার মজা করে লিখেছেন, ‘‘এই প্রথম কোনও পুলিশকে এত জোরে দৌড়োতে দেখলাম। পুলিশের প্রশিক্ষণ নেওয়া কাজে লাগল তবে।’’

Advertisement
আরও পড়ুন