ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সোমবার ফিলিপিন্স সাক্ষী ছিল এক ভয়ঙ্কর ভূমিকম্পের। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। ফিলিপিন্সের নানা জায়গায় বাড়িঘর ভেঙে পড়েছে। ইতিমধ্যেই সে সংক্রান্ত নানা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। ফিলিপিন্সের ভূমিকম্পের ভাইরাল হওয়া এক ভিডিয়োয় ধরা পড়েছে ঠাকুরমার নাতির প্রতি থাকা স্নেহ। প্রাণের ঝুঁকি নিয়ে তিনি নাতিকে বিপদের মুখ থেকে উদ্ধার করেছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের ভিতর সোফায় বসে টিভি দেখছে এক খুদে। টিভির পর্দার চলা কার্টুনে মন আটকেছে তার। হঠাৎই কেঁপে উঠল ঘরের আসবাবপত্র। সিলিঙে থাকা পাখাটিও দুলতে শুরু করল। সে দিকে নজর আটকাল খুদের। তত ক্ষণে দৌড়োতে দৌড়োতে ঘরে চলে এসেছেন খুদের ঠাকুরমা। ঠাকুরমার গলা শুনে লাফিয়ে উঠল নাবালক। প্রৌঢ়া তাকে কোলে নিয়ে ঘর থেকে বেরোতে যাবেন ঠিক তখনই কম্পনের তীব্রতা আরও বাড়ল। ঘরের ভিতর আসবাবপত্র দুলতে লাগল। জিনিসপত্র পড়ে গেল। সেই প্রৌঢ়াও নাতিকে নিয়ে নীচে পড়ে গেলেন। ভয়মিশ্রিত গলায় চিৎকার করে চললেন। কিন্তু খুদেকে বুকের কাছটায় জাপটে ধরে রাখলেন। কোনও ভাবেই তাকে ছাড়লেন না। বাচ্চাটিও ভয়ে কাঁদতে শুরু করল। কিছু ক্ষণ পরে থেমে গেল কম্পন। কিন্তু প্রৌঢ়া তা-ও আদরের নাতিকে বুকের কাছটায় জাপটে ধরে রাখলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘ইয়োরঅ্যানননিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ১০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় ৯ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। প্রৌঢ়ার নাতির প্রতি টান দেখে আবেগতাড়িত হয়ে উঠেছে নেটপাড়া। বহু নেটাগরিক ফিলিপিন্সের বাসিন্দাদের সুস্থতা কামনা করেছেন।