Viral Video

ব্যস্ত রাস্তায় সাপের মতো এঁকেবেঁকে গাড়ি চালিয়ে ‘স্টান্ট’ তরুণদের, ভিডিয়ো ভাইরাল হতে পদক্ষেপ পুলিশের

গাড়ির চালক ছাড়া বাকি সকলেই গাড়ির জানলা দিয়ে নিজেদের শরীর গলিয়ে বাইরে বার করে দিয়েছিলেন। সারা রাস্তা হইহুল্লোড় করতে করতে যান তাঁরা। গাড়ির চালকেরাও সেই ব্যস্ত রাস্তায় সাপের মতো এঁকেবেঁকে গাড়ি চালাতে থাকেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১০:৫০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তরুণের দল। কিন্তু কেউ আর গাড়ির ভিতর বসেছিলেন না। গাড়ির চালক ছাড়া বাকি সকলেই গাড়ির জানলা দিয়ে নিজেদের শরীর গলিয়ে বাইরে বার করে দিয়েছিলেন। সারা রাস্তা হইহুল্লোড় করতে করতে যান তাঁরা। গাড়ির চালকেরাও সেই ব্যস্ত রাস্তায় সাপের মতো এঁকেবেঁকে গাড়ি চালাতে থাকেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

পরে দিল্লি পুলিশের তরফে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ভিডিয়ো পুনরায় পোস্ট করা হয়। পুলিশের তরফে জানানো হয় যে, ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হতে তা নজরে পড়েছে তাদের। তরুণদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপও করেছে দিল্লি পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাত ১০টা ৪৪ মিনিটে এই ঘটনাটি দিল্লির রিং রোডে ঘটেছে। আইটিও থেকে সরাই কানে খান এলাকার দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন নিশান্ত নামের এক ব্যক্তি। তিনি দিল্লির বাসিন্দা। সেই সময় ব্যস্ত রাস্তায় তরুণদের গাড়ি নিয়ে ‘স্টান্ট’ করতে দেখেন তিনি।


পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে দিল্লি পুলিশের নজর কাড়েন নিশান্ত। ভিডিয়োটি দেখে পদক্ষেপ করে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে জানা যায়, তরুণদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখেছে তারা। পাঁচ জন তরুণকে গ্রেফতার করা হয়েছে এবং চারটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন