Viral Video

‘পুলিশকে ডেকেও লাভ হবে না’, ধাক্কা খাওয়ার ‘শোধ’ তুলতে তরুণের দামি বাইক ইট মেরে ভাঙলেন তরুণী, ভিডিয়ো ভাইরাল

পার্কিং লটে বাইক দাঁড় করিয়ে বেরোতেই তরুণীর মুখোমুখি হলেন বাইকচালক। হাতে হেলমেট নিয়ে ‘রণং দেহি’ মূর্তি তরুণীর। তাঁকে ধাক্কা দিয়েছেন বলে তরুণকে ‘পাল্টা শাস্তি’ দিতে চান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৫:৪৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্কুটার নিয়ে ব্যস্ত রাস্তায় বেরিয়েছিলেন তরুণী। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর স্কুটারে ভুলবশত ধাক্কা লাগে এক বাইকের। তরুণীর কোনও ক্ষতি হয়নি। এমনকি, স্কুটারেরও কোনও ক্ষতি হয়নি। কিন্তু তরুণী গেলেন রেগে। ধাক্কা খাওয়ার ‘শোধ’ তুলতে ইট নিয়ে বাইকটি ভাঙচুর করতে শুরু করেন তিনি। বাইকচালক সাহায্যের জন্য পুলিশকে ডাকাডাকি করলে তরুণী স্পষ্ট জানিয়ে দিলেন যে, তাতে কোনও লাভ হবে না। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘পীযূষ রাই’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী রাস্তার ধারে পার্কিং লটে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর এক হাতে হেলমেট। বাইকের হেডলাইট, স্পিডোমিটার থেকে শুরু করে কাচগুলি ভাঙছেন তিনি। ভাঙচুরের মাঝে তিনি পার্কিং লট থেকে একটি ইটের টুকরো তুলে নিলেন। তা দিয়েই বাইকের কাচ ভাঙতে থাকেন তরুণী। এই ঘটনাটি সম্প্রতি রাজস্থানের জয়পুরে ঘটেছে।

অভিযোগ, তরুণীর স্কুটারের সঙ্গে এক তরুণের বাইকের অল্প ধাক্কা লাগে। তরুণীর কোনও ক্ষতি না হলেও তিনি সেই বাইকচালকের উপর খেপে যান। দামি বাইক ছিল তরুণের। পার্কিং লটে বাইক দাঁড় করিয়ে বেরোতেই তরুণীর মুখোমুখি হলেন বাইকচালক। হাতে হেলমেট নিয়ে ‘রণং দেহি’ মূর্তি তরুণীর। তাঁকে ধাক্কা দিয়েছেন বলে তরুণকে ‘পাল্টা শাস্তি’ দিতে চান তিনি। তাই হেলমেট দিয়ে বাইক ভাঙচুর করতে শুরু করেন। কিছু ক্ষণ পর পার্কিং লট থেকে ইটের টুকরো তুলে তা দিয়ে ভাঙচুর করতে থাকেন তরুণী।

শত অনুরোধ করেও তাঁকে থামাতে পারলেন না তরুণ বাইকচালক। ভাঙচুর চালাতে থাকলেন তিনি। কোনও উপায় না দেখে তরুণ শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশের কাছে সাহায্য চেয়ে চিৎকার করলেন। তখন তরুণী বলেন, ‘‘পুলিশ ডেকে কোনও লাভ হবে না। কেউ কিছু করতে পারবেন না।’’ চেঁচামেচি শুনে সেখানে লোকজন জড়ো হয়ে যায়। সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তে তা নজর কাড়ে রাজস্থান পুলিশের। তাদের তরফে নির্দিষ্ট এলাকার পুলিশ আধিকারিককে এই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন