Viral Video

স্টেট ব্যাঙ্কের এটিএমে কাটা হচ্ছে চুল, রয়েছেন নরসুন্দরও! ভিডিয়ো ভাইরাল হতেই জানা গেল সত্য

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএমের ভিতর এক নরসুন্দর চুল কাটছেন। ভিতরে টাকা তোলার মেশিন নেই। তার পরিবর্তে সালোঁর প্রয়োজনীয় সামগ্রী দিয়ে চারদিক সাজানো রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৭:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাইরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের বোর্ড লাগানো। কিন্তু ভিতরে টাকা তোলার যন্ত্র উধাও! তার পরিবর্তে পাতা রয়েছে একটি চেয়ার। সেখানে এক ব্যক্তি বসে রয়েছেন। এক তরুণ বেশ কায়দা করে সেই ব্যক্তির চুল কেটে দিচ্ছেন। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএমের ভিতর এক নরসুন্দর চুল কাটছেন। ভিতর টাকা তোলার মেশিন নেই। তার পরিবর্তে সালোঁর প্রয়োজনীয় সামগ্রী দিয়ে চারদিক সাজানো রয়েছে। দাবি, এই ঘটনাটি বিহারের পটনার দানাপুর এলাকার।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বইতে শুরু করে। পরে আসল ঘটনা প্রকাশ্যে আসে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই জায়গায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম ছিল। কিন্তু বর্তমানে তা আর চালু নেই। কয়েক মাস আগে এটিএম বন্ধ হয়ে যায়। সমস্ত যন্ত্রও সরিয়ে নেওয়া হয়।

জায়গাটি এক স্থানীয়কে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি চুল কাটার দোকান খুলেছেন একই জায়গায়। কিন্তু কোনও কারণে এটিএমের বোর্ডটি সরানো হয়নি। সে কারণেই এমন ভ্রান্তির সৃষ্টি হয়েছে। পরে বোর্ডটি খুলে নেওয়া হয়। সত্য জানাজানির পর এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘ভালই তো! টাকা তোলার নাম করে এ বার চুল কাটিয়ে বাড়ি ফেরা যাবে।’’

Advertisement
আরও পড়ুন