Viral Video

১০০ টাকার ম্যাগি, সঙ্গে নরম পানীয়, জমানো টাকায় বন্ধুদের জন্মদিনের পার্টি বালকের! রাঁধলও নিজেই, ভাইরাল ভিডিয়ো

প্রতিবেদন অনুযায়ী, ঝাড়খণ্ডের ওই বালকের নাম সূরজ। ভিডিয়োয় দেখা গিয়েছে, সূরজ ১০০ টাকার ম্যাগি এবং এক বোতল নরম পানীয় কিনে এনে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৩:৫৭
Video shows a young boy giving maggi party to his friends in Birthday

ছবি: ইনস্টাগ্রাম।

জন্মদিনে ১০০ টাকার ম্যাগি এনে বন্ধুদের জন্য পার্টি। নিজে হাতে রান্না করে খাওয়াল বন্ধুদের। গরিব পরিবারের এক সন্তানের জন্মদিনের উদ্‌যাপনের সে রকমই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে হইচই ফেলেছে। প্রমাণ করেছে, আনন্দ জাঁকজমকপূর্ণ সাজসজ্জা বা ব্যয়বহুল পার্টির উপর নির্ভর করে না। ভাইরালও হয়েছে হৃদয়স্পর্শী ভিডিয়োটি। ভিডিয়োয় দাবি, ঘটনাটি ঝাড়খণ্ডের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, ঝাড়খণ্ডের ওই বালকের নাম সূরজ। ভিডিয়োয় দেখা গিয়েছে, সূরজ ১০০ টাকার ম্যাগি এবং এক বোতল নরম পানীয় কিনে এনে বন্ধুদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করছে। নিজে হাতে রান্না করছে ম্যাগি। তাকে ঘিরে রেখেছে বন্ধুরা। আনন্দে মেতে উঠেছে তারা। হাসির ফোয়ারা ছুটছে। রান্না করতে করতে হাসছে সূরজও। তার এক বন্ধুকে গর্বের সঙ্গে বলতে শোনা যায়, ‘‘সূরজ তার জমানো টাকা দিয়ে আমাদের জন্য জন্মদিনের পার্টির আয়োজন করেছে। ম্যাগি এনেছে, নরম পানীয় এনেছে।’’ সে কথা শুনে লজ্জা পেয়ে যায় সূরজ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সূরজকাজু১০কে’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ৩০ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার ওই খুদেদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। নেটাগরিকদের কাছে যা সবচেয়ে বেশি চোখে পড়েছে, তা ছিল ওই পার্টির সাদামাঠা আয়োজন এবং শিশুদের অকৃত্রিম আনন্দ। ভিডিয়োটি দেখার পর চোখে জলও এসেছে নেটাগরিকদের একাংশের। ভিডিয়োর জনপ্রিয়তা বাড়তে থাকায় বেশ কিছু নেটাগরিক সূরজকে উপহার বা আর্থিক সহায়তা পাঠানোর কথা জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন