Viral Video

হেলমেট হাতে দাঁড়িয়ে রইলেন সওয়ারি, খেয়ালই করলেন না ফোনে ব্যস্ত অ্যাপ বাইকচালক! ভিডিয়ো দেখে হতভম্ব নেটপাড়া

সম্প্রতি একটি ঘটনা ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। জানা গিয়েছে, এক মহিলা যাত্রীর হাতে হেলমেট ধরিয়ে তাঁকে না নিয়েই গন্তব্যের উদ্দেশে রওনা দেন অ্যাপ বাইক চালক। হাতে হেলমেট নিয়ে ভরা রাস্তায় দাঁড়িয়ে থাকেন ওই তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৬:২৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

যাতায়াতের জন্য আমরা প্রায়ই নানা অ্যাপ ক্যাব বা বাইক ব্যবহার করে থাকি। এতে যেমন তাড়াতাড়ি পৌঁছোনো যায়, তেমন যাত্রা বেশ নির্ঝঞ্ঝাটও হয়। তবে, অ্যাপ বাইক বুক করে সম্প্রতি এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এক তরুণী। তা দেখে হাসির রোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

Advertisement

ইনস্টাগ্রামের (সাবেক টুইটার) ‘প্রতিমাচৌধরি৯৭’ নামের অ্যাকাউন্ট থেকে দু’টি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও কোনও ভিডিয়োরই সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। প্রথম ভিডিয়োতে দেখা গিয়েছে একটি রাস্তা দিয়ে গাড়িঘোড়া চলছে এবং এক তরুণীর হাতে একটি হেলমেট। ভিডিয়োতে তরুণীকে বলতে শোনা যায় যে তিনি একটি অ্যাপ বাইক বুক করেছিলেন। ড্রাইভার ফোনে কথা বলতে বলতে আসেন। এর পর তরুণীর হাতে হেলমেটটি ধরিয়ে দিয়ে তরুণী বাইকে ওঠার আগেই তিনি বাইক চালিয়ে বেরিয়ে যান।

দ্বিতীয় ভিডিয়োতে ওই সমাজমাধ্যম ব্যবহারকারী যা বলেছেন, তা আরও মজাদার। ওই চালক ফোন করে জিজ্ঞাসা করেন, “ম্যাডাম, আপনি কোথায়?” ভিডিয়োয় ওই তরুণী জানিয়েছেন, তখন ওই চালক প্রায় গন্তব্যে পৌঁছে গিয়েছিলেন। ভিডিয়োর একেবারে শেষে দেখা যায় ওই তরুণী শেষ পর্যন্ত বাইকে উঠেছেন। তবে গোটা বিষয়টিই তরুণী খোলা মনেই গ্রহণ করেছেন বলে দেখা গেছে। বাইকচালককে কোনও রকম চোটপাট করেননি।

ঘটনাটি দিল্লির বলে জানা গিয়েছে। ভিডিয়ো দু’টি ছড়িয়ে পড়তেই হাসির রোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। অজস্র মন্তব্যও জমা পড়েছে সেগুলিতে। বহু সমাজমাধ্যম ব্যবহারকারী তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। অনেকেই কৌতুক প্রকাশ করে প্রশ্ন তুলেছেন যে, যাত্রী বাইকে উঠেছেন কি না, তা একেবারে খেয়াল না করে চালক কী ভাবে দিব্য বাইকটি নিয়ে রওনা দিলেন! এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “এক বার আমার বুক করা অ্যাপ বাইকের চালক সরাসরি গন্তব্যে পৌঁছে গিয়ে অভিযোগ করেন, আমি কেন সেখানে পৌঁছোইনি।”

Advertisement
আরও পড়ুন