Viral Video

পেছল রাস্তা! নিজে থেকেই পেছোচ্ছিল গাড়ি, বিপদ ঘটার আগেই পৌঁছে গেল খুদে সুপারহিরো! তার পর... ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ব্যস্ত রাস্তার চিত্র। অঝোর বৃষ্টিতে ঢালু রাস্তায় এগোতে পারছে না একটি চারচাকা। তার পেছনে দাঁড়িয়ে পড়েছে একের পর এক গাড়ি। এমন সময় এক বালকের উপস্থিত বুদ্ধির জোরে বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেলেন সকলে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৬ ১০:৪৭

ছবি: এআই সহায়তায় তৈরি।

বর্ষাকালে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে প্রায়ই নানা রকম বিপদ ঘটে। কখনও মানুষজন পা পিছলে পড়ে গিয়ে আঘাত পান, কখনও বা ভারসাম্য রাখতে পারে না কোনও কোনও যানবাহনও। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি ঘটনা ছড়িয়ে পড়েছে। বর্ষায় পেছল রাস্তায় বিপাকে পড়ে একটি গাড়ি। শেষমেশ বিপদ কাটে এক বালকের উপস্থিত বুদ্ধির জোরে।

Advertisement

ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে একটি ব্যস্ত রাস্তার চিত্র। অঝোরে বৃষ্টি পড়ছে। রাস্তাঘাট পেছল। ঢালু রাস্তায় কোনও মতেই এগোতে পারছে না একটি চারচাকা। ক্রমশ ঢাল বেয়ে পিছিয়ে যাচ্ছে সেটি। সেই গাড়িটির পিছনে একের পর এক সার দিয়ে দাঁড়িয়ে পড়েছে অন্যান্য যানও। ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ভিডিয়োটি দেখে মনে হচ্ছিল, পরিস্থিতি এমন যে কোনও মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। তা সত্ত্বেও কাউকেই সমস্যা সমাধানে এগিয়ে আসতে দেখা গেল না।

কিন্তু বড়রা যা করলেন না, তাই-ই করে দেখাল এক বালক। পথের বেহাল দশা দেখে এগিয়ে গেল সে। নিজের ছোট্ট মাথা খাটিয়ে বার করল এক বুদ্ধি। রাস্তার ধার থেকে একটি বড়সড় পাথর হাতে তুলে নিল খুদে সুপারহিরো। তার পর বৃষ্টি মাথায় করেই দৌড়োল বিপাকে পড়া গাড়িটির দিকে। গাড়িটির পিছনের চাকায় পাথর রেখে বিপদ আটকাল সে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথাকার, তা-ও জানা যায়নি ভিডিয়ো থেকে।

এক্সের (সাবেক টুইটার) ‘সিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। প্রায় ১৪ লাখ বার ভিডিয়োটি দেখা হয়েছে। পাঁচ হাজারেরও বেশি মানুষ তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। বালকের উপস্থিত বুদ্ধি দেখে তাঁকে প্রশংসায় ভরিয়েছেন নেটাগরিকেরা। এক সমাজমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ছোট্ট ছেলেটি বিচক্ষণতার পরিচয় দিয়ে একটি দুর্ঘটনা এড়াতে পেরেছে।” আর এক জন লিখেছেন, “এই নিষ্পাপ শিশু একটি পাথর দিয়ে অগণিত জীবন বাঁচিয়েছে। তার উপস্থিত বুদ্ধি একটি বড় বিপর্যয় রোধ করেছে। এমন শিশুরাই সমাজের আশা।” কেউ কেউ আবার বালককে ‘সত্যিকারের নায়ক’ বলে অভিহিত করেছেন।

Advertisement
আরও পড়ুন