Viral Video

গরমে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভিতর আটকে রইল পোষ্য, দেখা মিলল না মালিকের! উদ্ধার করলেন স্থানীয়েরা

রোদে-গরমে আটকা থাকতে থাকতে কুকুরটির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে জানলার কাছে এসে জিভ বার করে কুঁইকুঁই করছিল। স্থানীয়েরা অসহায় কুকুরটিকে উদ্ধার করার জন্য জড়ো হন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১১:৪৭
dog

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার ধারে দাঁড় করানো লাল রঙের চারচাকা। গাড়িটির জানলার সমস্ত কাচ তোলা। একটি জানলার উপরের দিকের কাচটি অল্প নামিয়ে রাখা হয়েছে। কারণ সেই গাড়ির ভিতর আটকে রাখা হয়েছে পোষ্য সারমেয়কে। রোদে-গরমে আবদ্ধ অবস্থায় থাকতে থাকতে কুকুরটির অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সে জানলার কাছে এসে জিভ বার করে কুঁইকুঁই করছে। স্থানীয়েরা অসহায় কুকুরটিকে উদ্ধার করার জন্য জড়ো হন। পশু সুরক্ষা সংগঠনেও খবর দেন তাঁরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি অসমের গুয়াহাটিতে ঘটেছে। ২ জুন, মঙ্গলবার প্রায় ভোরের সময় থেকে গাড়িটিকে সেখানে একই ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেলা বাড়তে থাকে, কিন্তু কেউ আসেন না। রোদে-গরমে কুকুরটিকে কষ্ট পেতে দেখে স্থানীয়েরা সেটিকে উদ্ধার করার উদ্যোগ নেন। দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ সারমেয়টিকে গাড়ি থেকে বার করেন তাঁরা। এর পর কুকুরটিকে পশু সুরক্ষা সংগঠনের হাতে তুলে দেওয়া হয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চারচাকার ভিতর আটকে রয়েছে একটি কুকুর। কেবল চালকের আসনের পাশের জানলাটির কাচ অল্প নামিয়ে রাখা হয়েছে। বাকি সমস্ত জানলার কাচ তোলা। গাড়িটির আশপাশে ভিড় করেছেন স্থানীয়েরা। কুকুরটি তাঁদের দেখে বেরোনোর জন্য লাফানো শুরু করেছে। জানলার কাছে এসে কুঁইকুঁই করে চলেছে অসহায় সারমেয়টি। দেখে মনে হচ্ছে যেন কষ্টের কথা বোঝানোর চেষ্টা করছে। তার আর্তনাদ বুঝতে পারলেন স্থানীয়েরা। জলের বোতল খুলে সেই জানলার সামান্য ফাঁকা জায়গা দিয়েই স্থানীয়েরা কুকুরটিকে জল খাওয়ানোর চেষ্টা করলেন। মন ছুঁয়ে যাওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘দ্যট্রুথ.ইন্ডিয়া’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ১২ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। নেটাগরিকেরা সারমেয়র মালিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মালিককেও এ ভাবে আটকে রাখা উচিত।’’

Advertisement
আরও পড়ুন