Viral Video

বলিষ্ঠ চেহারা, পুরু গোঁফ, ২০ বছর আগে কুয়োয় পড়ে দেশ জুড়ে হইচই ফেলা সেই প্রিন্সকে এখন চেনাই কঠিন! ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দলের সঙ্গে দেখা গিয়েছে প্রিন্সকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বছর ২৪-এর তরুণ প্রিন্সের সঙ্গে কথা বলছেন নবীন। প্রিন্সের সঙ্গে ২০ বছর আগে ঘটা ঘটনার বর্ণনা দিতে দেখা যায় সাংসদকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:০৭
Video shows how Prince Kumar Kashyap looks now, who fell into a borewell 20 years ago in Haryana

প্রিন্স। তখন এবং এখন। ছবি: এক্স থেকে নেওয়া।

২০০৬ সালের জুলাই মাস। হরিয়ানার কুরুক্ষেত্রের হলদেরি গ্রামে একটি ইঁদুরের পিছনে তাড়া করতে গিয়ে কুয়োয় পড়ে গিয়েছিল স্থানীয় দিনমজুরের ছেলে প্রিন্সকুমার কশ্যপ। চার বছরের ওই শিশুকে নিয়ে তোলপাড় পড়ে যায় সারা দেশে। সকলের প্রার্থনার মধ্যে উদ্ধারকারীদের নিরলস চেষ্টায় ৫০ ঘণ্টা পরে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল প্রিন্সকে। ৬০ ফুট গভীর কুয়োয় মৃত্যুর কোল থেকে জীবন ফিরে পেয়েছিল একরত্তি। সেই ঘটনার পর প্রায় দুই দশক কেটে গিয়েছে। সেই প্রিন্স এখন কোথায়? সম্প্রতি তাঁর দেখা মিলল। একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তরুণ প্রিন্সের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সম্প্রতি কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দলের সঙ্গে দেখা গিয়েছে প্রিন্সকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রিন্সের সঙ্গে কথা বলেছেন নবীন। প্রিন্স এখন বছর ২৪-এর তরুণ। বলিষ্ট চেহারা। ঠোঁটের নীচে পুরু গোঁফ। প্রিন্সের সঙ্গে ২০ বছর আগে ঘটা ঘটনার বর্ণনা দিতে দেখা যায় সাংসদকে। প্রিন্স এখন আইটিআইয়ের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। কুরুক্ষেত্রের পোলো গ্রাউন্ডে পোলো খেলা দেখতে আসায় তাঁর সঙ্গে দেখা হয়েছে নবীনের। তাঁদের কথোপকথনের সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অঙ্কু চাহার’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন এত বছর পর প্রিন্সকে দেখে বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকেই আবার তাঁর সাহসিকতার প্রশংসা করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘রাখে হরি মারে কে। প্রিন্সকে এত বছর পর দেখে ভাল লাগল। ও সুস্থ থাকুক, ভাল থাকুক।’’

Advertisement
আরও পড়ুন