Viral Video

বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েছিলেন, সকলকে দেখে কনেকে ‘বহুমূল্য’ উপহার দিয়ে গেলেন মানসিক প্রতিবন্ধী যুবক, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মানসিক প্রতিবন্ধী ওই যুবকের নাম মনোরঞ্জন। স্থানীয় বাসিন্দাদের সকলের কাছেই তিনি খুব প্রিয়। সম্প্রতি মনোরঞ্জন নিঃশব্দে একটি বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন এবং ভোজের সময় অতিথিদের সঙ্গে যোগ দেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৪:০৯
Video shows mentally challenged man from Assam enters wedding and gives 10 rupees to bride as blessing

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠানে ঢুকে পড়েছিলেন। অতিথিদের কনেকে আশীর্বাদ করতে দেখে এগিয়ে গেলেন তিনিও। পকেটে থাকা কয়েকটি মাত্র নোটের মধ্যে ১০ টাকা বার করে কনেকে আশীর্বাদ করলেন মানসিক ভাবে প্রতিবন্ধী ওই যুবক। হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটেছে অসমে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মানসিক প্রতিবন্ধী ওই যুবকের নাম মনোরঞ্জন। স্থানীয় বাসিন্দাদের সকলের কাছেই তিনি খুব প্রিয়। সম্প্রতি মনোরঞ্জন নিঃশব্দে একটি বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন এবং ভোজের সময় অতিথিদের সঙ্গে যোগ দেন তিনি। কিন্তু তাঁকে বিচার করা বা ফিরিয়ে দেওয়ার পরিবর্তে কনের পরিবার তাঁকে উষ্ণ ভাবে স্বাগত জানায় এবং অন্য সবার সঙ্গে খেতে দেয়। তবে যাওয়ার আগে তিনি যা করেন, তা সত্যিই লক্ষ লক্ষ মানুষকে ছুঁয়ে গেছে। খাবার খেয়ে বেরোনোর সময় বাকি অতিথিদের টাকা বা উপহার দিয়ে কনেকে আশীর্বাদ করতে দেখেন মনোরঞ্জন। এর পর তিনিও তাঁর জীর্ণ পকেট থেকে একটি কুঁচকোনো ১০ টাকার নোট বার করে আশীর্বাদস্বরূপ কনের হাতে তুলে দেন। নিজের কাছে খুব বেশি কিছু না থাকা সত্ত্বেও নবদম্পতিকে ওই সামান্য অর্থটুকু আশীর্বাদ হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইন্ডিয়াড্রপ’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর মনোরঞ্জনের এবং ওই পরিবারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশের মন্তব্য, বিয়ের অনুষ্ঠানে পাওয়া দামি উপহার বা মোটা টাকার চেয়ে এই ১০ টাকার নোটটির মূল্য অনেক বেশি। অনেকে আবার বিষয়টিকে ‘বিশুদ্ধ মানবতা’ বলে মন্তব্য করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘১০ টাকার নোটটির মূল্য লক্ষ ডলারের মূল্যের থেকেও বেশি। সত্যিই হৃদয়স্পর্শী। তবে আমি ওই পরিবার এবং স্থানীয়দেরও প্রশংসা করতে চাই যাঁরা যুবককে আপন করে নিয়েছেন।’’

Advertisement
আরও পড়ুন