Viral Video

বাড়ির সামনে থেকে চার বছরের নাতনিকে অপহরণ, মরিয়া লড়াই চালালেন ঠাকুরদা, গাড়ির সামনে দাঁড়ালেন ঠাকুরমা, ভাইরাল ভিডিয়ো

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিশুটি তার ঠাকুরদা-ঠাকুরমার সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিল। নির্দিষ্ট সময়ে বাড়িও ফিরে আসে। শিশুটির ঠাকুরমা স্কুটি থেকে নেমে দরজা খোলার জন্য এগিয়ে যেতেই মোটরবাইকে করে আসা দু’জন দুষ্কৃতী হঠাৎ পরিবারটির দিকে এগিয়ে আসে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৬:৫১
Video shows miscreants abduct girl in Punjab’s Mohali in Broad Daylight, grandparents tries to save her

ছবি: এক্স থেকে নেওয়া।

ঠাকুরদা-ঠাকুরমার সঙ্গে স্কুটিতে চড়ে ঘুরতে গিয়েছিল চার বছরের নাতনি। ফিরে বাড়ির সামনে স্কুটি দাঁড় করাতেই তেড়ে এল দুষ্কৃতীরা। বাড়ির সামনে থেকেই অপহরণ করা হল ওই শিশুকন্যাকে। অনেক লড়াই করেও নাতনিকে বাঁচাতে পারলেন না ঠাকুরদা-ঠাকুরমা। দিনের আলোয় শিশু অপহরণের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোহালি জেলার কুরালি শহরে। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিশুটি তার ঠাকুরদা-ঠাকুরমার সঙ্গে বাইরে ঘুরতে গিয়েছিল। নির্দিষ্ট সময়ে বাড়িও ফিরে আসে। শিশুটির ঠাকুরমা স্কুটি থেকে নেমে দরজা খোলার জন্য এগিয়ে যেতেই মোটরবাইকে করে আসা দু’জন দুষ্কৃতী হঠাৎ পরিবারটির দিকে এগিয়ে আসে। অভিযোগ, হামলাকারীরা শিশুটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তার ঠাকুরদার সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয় দুষ্কৃতীদের। শিশুটির ঠাকুরমাও এগিয়ে যান। মরিয়া হয়ে হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টা করেন। সাহায্যের জন্য চিৎকারও করেন। নাতনির অপহরণ ঠেকাতে দুষ্কৃতীদের সঙ্গে হাতাহাতিও শুরু হয় তাঁদের। এমন সময় একটি গাড়ি করে দুষ্কৃতীদের আরও সঙ্গীরা ঘটনাস্থলে পৌঁছোয়। শিশুকন্যাকে জোর করে তুলে গাড়িতে নিয়ে যায় তারা। অন্য দিকে, নাতনিকে বাঁচাতে মরিয়া বৃদ্ধ এবং বৃদ্ধা গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। কিন্তু তাঁদের ধাক্কা দিয়ে বেরিয়ে যায় গাড়িটি। তাঁদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গাড়িটিকে আটকানোরও চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ঘটনার পর শিশুটির বাবা জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। সন্তানের হেফাজত কার কাছে থাকবে, তা নিয়ে মামলা চলছে। তাঁর অভিযোগ, কন্যার অপহরণের নেপথ্যে হাত রয়েছে তাঁর স্ত্রীরই। স্ত্রীই লোক পাঠিয়ে কন্যাকে অপহরণ করিয়েছেন বলে দাবি তাঁর। ওই ব্যক্তি আরও অভিযোগ করেছেন যে তাঁর শাশুড়ি এবং সন্দীপ নামের আর এক ব্যক্তিও অপহরণের ঘটনার সঙ্গে জড়িত এবং কর্তৃপক্ষকে একটি পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। সন্দেহভাজনদের শনাক্ত করতে এবং নিখোঁজ শিশুটিকে খুঁজে বার করতে পঞ্জাব পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে। সাক্ষীদেরও জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি অপহরণের না পারিবারিক কলহের সঙ্গে সম্পর্কিত, তা-ও বিস্তারিত ভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শিশু অপহরণের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হেট ডিটেক্টর’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। শিশুটির সুস্থতা কামনা করে দোষীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। প্রশ্ন উঠতে শুরু করেছে শিশু সুরক্ষা এবং জননিরাপত্তা নিয়েও।

Advertisement
আরও পড়ুন