ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ট্রেনের লম্বা সফর। উপরের বার্থে উঠে হাত-পা ছড়িয়ে বসে পড়েছেন তরুণ। কিন্তু তাঁর নজর কামরা দিয়ে যাঁরা যাতায়াত করছেন তাঁদের দিকে। মাথায় খাবারভর্তি প্যাকেট নিয়ে এক বিক্রেতা কামরায় উঠেছিলেন। উপরের আসনে বসে সেই তরুণ হাত বাড়িয়ে বিক্রেতার মাথায় রাখা বাক্স থেকে একটি বিরিয়ানির প্যাকেট তুলে নিলেন। কিছু ক্ষণ পর সেই বিরিয়ানিই তাঁর বন্ধুর সঙ্গে ভাগ করে খেতে দেখা গেল তরুণকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘অপ্রেসর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ ট্রেনের আপার বার্থে বসে রয়েছেন। এক বিক্রেতা মাথায় একটি বড় বাক্স নিয়ে তাঁর আসনের কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়লেন।
ডিম বিরিয়ানি বিক্রি করতে রেলের কামরায় উঠেছিলেন তিনি। কিন্তু উপরের বার্থে বসে থাকার সুযোগ নিলেন তরুণ। বাক্স থেকে একটি বিরিয়ানির প্যাকেট চুরি করলেন তিনি। খাবারবিক্রেতা তা টেরও পেলেন না। কিছু ক্ষণ পর চুরি করা সেই খাবার বন্ধুর সঙ্গে ভাগ করে খেতে শুরু করলেন তরুণ।
ঘটনাটি এক সহযাত্রীর ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘গরিব মানুষকে ঠকিয়ে এ ভাবে খাবার চুরি করছেন! আপনাদের মতো মানুষ সমাজে যত কম থাকে, ততই মঙ্গল। কাজটা একদম ঠিক করেননি।’’