Viral Video

চালকের আসনে সন্তান! সেই বিমানে চড়ে ভবিষ্যতের জন্য বিশেষ এক পরামর্শ দিলেন মা, ভিডিয়ো ভাইরাল

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক মহিলা এমন একটি বিমানে সফর করছেন, যেটি চালাচ্ছেন তাঁর ছেলে। গর্বিতা মা তাঁর সন্তানের কৃতিত্বের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১০:২১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বলা হয়, এক জন মানুষের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন তাঁর মা। সন্তান জীবনে উন্নতি করেছে, এ ভাবনায় সবচেয়ে বেশি গর্বিত হন তিনিই। সম্প্রতি এমনই একটি ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায় যেখানে এক জন মা তাঁর সন্তানের কৃতিত্বের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

Advertisement

ইনস্টাগ্রামের ‘নীতু_ভাদানা’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, হালকা গোলাপি সালোয়ার-কামিজ পরে হাসিমুখে রয়েছেন এক মহিলা। তাঁর সঙ্গে রয়েছেন এক বিমানচালক। ভিডিয়ো থেকে জানা গিয়েছে, ওই বিমানচালক তাঁর সন্তান। বহু বছরের কঠোর পরিশ্রমের পর এই যোগ্যতা অর্জন করেছেন ওই ব্যক্তি। ওই মহিলা ভিডিয়োয় বিমানের রানওয়ে, বিমানের ভেতরের জায়গা সব তুলে ধরেছেন। কখনও আবার তাঁর চোখ ভিজে আসতেও দেখা গিয়েছে।

যে বিমান তাঁর ছেলে চালাচ্ছেন, সেটিতেই সফর করছেন ওই মহিলা। এই সৌভাগ্যের কারণে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সবশেষে তিনি লিখেছেন, যাঁরা বিমানচালক হওয়ার স্বপ্ন দেখেন, তাঁরা যেন হাল না ছেড়ে দেন। বড় স্বপ্ন দেখতে যেন তাঁরা ভয় না পান, এই পরামর্শও দিয়েছেন ওই গর্বিত মা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, এক জন মায়ের কাছে এই হল সবচেয়ে বড় প্রাপ্তি।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই আবেগে আপ্লুত হয়েছেন নেটাগরিকেরাও। প্রায় ২০০০-এর বেশি নেটাগরিক তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অনেকে শেয়ারও করেছেন। অজস্র মন্তব্যও জমা পড়েছে মন্তব্যবাক্সে। এক নেটাগরিক লিখেছেন, “যে কোনও মায়ের জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। আপনার ছেলে আপনাকে গর্বিত করেছে।” আর এক সমাজমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, “মায়ের প্রার্থনাই হল সন্তানের সবচেয়ে শক্তিশালী ডানা।”

Advertisement
আরও পড়ুন