BJP-TMC

বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলা বনগাঁয়, ভাঙল কাচ! অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, গ্রামবাসীদের ক্ষোভ

অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে। গাড়ির কাচ ভেঙেছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৬
Allegations of attack on the car of Bangaon North BJP MLA Ashok Kirtania\\\\\\\\\\\\\\\'s wife

বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ। ছবি: সংগৃহীত।

বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ। সেই গাড়িতে ছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়িও। অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে। গাড়ির কাচ ভেঙেছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

Advertisement

বিজেপির দাবি, মঙ্গলবার বনগাঁয় কালীপুজোয় যোগ দিতে যাচ্ছিলেন দুই বিধায়কের পরিবারের সদস্যেরা। সেই সময়ই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় অশোকের স্ত্রীর গাড়িতে। অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পান বিধায়কের স্ত্রী। মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বনগাঁ উত্তরের বিধায়ক বলেন, ‘‘আমি দলীয় কাজে কলকাতায় রয়েছি। এখানেই হামলার খবর পেলাম। তৃণমূলের আশ্রিত গুন্ডাবাহিনী হামলা চালিয়েছে। আমার স্ত্রীকে অপমান করা হয়েছে।’’ শারীরিক নিগ্রহের অভিযোগও তুলেছেন অশোক। এ ব্যাপারে আইনি পথে চলা হবে বলে জানান তিনি। তাঁর কথায়, ‘‘আমার স্ত্রী অবশ্যই পুলিশে অভিযোগ জানাবে। তবে কতটা বিচার পাব, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।’’ বনগাঁ পুলিশ জেলার সুপারের সঙ্গে কথা হয়েছে বলে জানান অশোক। তবে তাঁর দাবি, কোনও আশ্বাস মেলেনি। বিধায়কের কথায়, ‘‘পুলিশ সুপার যে ভাবে কথা বলেছেন, তাতে মনে হয়নি অভিযোগ জানিয়ে কোনও সুরাহা হবে। পশ্চিমবঙ্গে এখন কোনও শাসনের আইন নেই। শাসকের আইন রয়েছে।’’

বিজেপি অভিযোগ করলেও তা মানতে নারাজ তৃণমূল। বনগাঁ জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘‘বিজেপি এখন সব জায়গায় তৃণমূলের ভূত দেখছে। আসলে যে সব এলাকা থেকে অশোক কীর্তনিয়া ভাল ব্যবধানে জিতেছেন, ভোটের পর আর সেখানে যাননি। তাঁকে এলাকার মানুষ দেখতে পান না।’’ তৃণমূল নেতার দাবি, যে এলাকায় হামলার অভিযোগের কথা বলা হচ্ছে, দিন কয়েক আগে সেখানে এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যু হয়। তার পরেও তাঁর বাড়িতে বা পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি স্থানীয় বিধায়ক। তা নিয়ে এলাকাবাসীর মনে ক্ষোভ ছিল। বিশ্বজিতের কথায়, ‘‘আজ বিধায়কের স্ত্রীকে এলাকায় দেখে এলাকাবাসীরা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। তখন গাড়িতে থাকা বিজেপির গুন্ডারা বেরিয়ে গ্রামবাসীদের উপর চড়াও হয়। তার পরেই পাল্টা আক্রমণ করেন এলাকাবাসীরা।’’ হামলার সঙ্গে রাজনীতির বা তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি বিশ্বজিতের।

এই প্রসঙ্গে বনগাঁ পুলিশ জেলার সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত বলেন, ‘‘গোপালনগর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিধায়কের স্ত্রীর গাড়ির উপর হামলা হয়েছে বলে আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হবে। যদি কেউ দোষী থেকে থাকেন, তবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’’

Advertisement
আরও পড়ুন