Canning TMC Leader Arrest

ভোটের পর পলাতক ছিলেন, কলকাতা থেকে অস্ত্রসমেত গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, ডিম-বর্ষণ থানার সামনে

বিক্ষোভকারীদের অভিযোগ, ইন্দ্রজিৎ সর্দার এলাকায় দাদাগিরি করতেন। তাঁদের দাবি, সাধারণ মানুষকে ভয় দেখানো ছাড়াও তোলাবাজি, কাটমানি আদায়, মারধর থেকে বেআইনি অস্ত্র মজুত— সবেতেই তিনি প্রত্যক্ষ ভাবে জড়িত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৫:৩২
Canning TMC Leader Arrest

দৌড়েও রক্ষা নেই, তৃণমূল নেতার মাথায় ডিম ফাটালেন বিক্ষোভকারীরা। —নিজস্ব চিত্র।

তৃণমূলের আরও এক নেতার গ্রেফতারি। আবার সেই ডিম নিক্ষেপের ছবি। এ বার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। গ্রেফতার হওয়া তৃণমূলের উপপ্রধানকে আদালতে নিয়ে যাওয়ার পথে উত্তেজিত জনতা এবং বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখালেন ধৃতকে ঘিরে। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দারকে একের পর ডিম ছোড়া হয়। উত্তেজনা তৈরি হয় ক্যানিং থানার সামনে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই ক্যানিং থানার সামনে জড়ো হচ্ছিলেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা। থানার সামনে হাজির হন সাধারণ মানুষের একাংশও। দুর্নীতির অভিযোগে ধৃত ইন্দ্রজিৎকে নিয়ে যখন থানা থেকে বার করে নিয়ে যাচ্ছিল পুলিশ, তখন সমস্বরে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন সকলে। বিক্ষোভকারীদের ডিম হাতে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে পুলিশের গাড়িতে উঠতে যান ধৃত তৃণমূল নেতা। কিন্তু তাঁর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন কয়েক জন। সেই সময় পিছন থেকে ইন্দ্রজিতের মাথায় কাঁচা ডিম ছোড়েন বিক্ষোভকারীরা। এর জেরে উত্তেজনা ছড়ায়। পুলিশ বাহিনী মোতায়েন করেও সহজে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

বিক্ষোভকারীদের অভিযোগ, ইন্দ্রজিৎ সর্দার এলাকায় দাদাগিরি করতেন। তাঁদের দাবি, সাধারণ মানুষকে ভয় দেখানো ছাড়াও তোলাবাজি, কাটমানি আদায়, মারধর থেকে বেআইনি অস্ত্র মজুত— সবেতেই তিনি প্রত্যক্ষ ভাবে জড়িত। ২০২১ সালে বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকারও একাধিক অভিযোগ রয়েছে তৃণমূলের ওই উপপ্রধানের বিরুদ্ধে। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হলেও পুলিশ ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ।

এ বারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকে ওই তৃণমূল নেতা পলাতক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

শুক্রবার পুলিশ জানিয়েছে, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অস্ত্র মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগের সূত্র ধরে তদন্ত এগোচ্ছে।

Advertisement
আরও পড়ুন