Jahangir Khan Arrested

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে আরও সময় চাইল পুলিশ, ফের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

জাহাঙ্গিরের বিরুদ্ধে নানা অভিযোগ। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, মারধর-সহ বেশ কয়েকটি মামলা রয়েছে তৃণমূল নেতার নামে। তার মধ্যে উল্লেখযোগ্য আবাস যোজনা-সহ বেশ কয়েকটি সরকারি প্রকল্পের অর্থ তছরুপের অভিযোগও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৯:৫১
Jahangir Khan

আদালত থেকে জাহাঙ্গির খানকে বার করে নিয়ে যাচ্ছে পুলিশ। —নিজস্ব চিত্র।

ফলতার চর্চিত তৃণমূল নেতা ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে আবার ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। পাঁচ দিনের হেফাজত শেষে রবিবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে হাজির করানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ওই নেতাকে।

Advertisement

জাহাঙ্গিরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিতে আরও তথ্য সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা জানিয়ে আবার হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। আদালত তাতে সম্মতি দিয়েছে।

জাহাঙ্গিরের বিরুদ্ধে নানা অভিযোগ। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, মারধর-সহ বেশ কয়েকটি মামলা রয়েছে তৃণমূল নেতার নামে। তার মধ্যে উল্লেখযোগ্য আবাস যোজনা-সহ বেশ কয়েকটি সরকারি প্রকল্পের অর্থ তছরুপের অভিযোগও।

আদালতের একটি সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা জাহাঙ্গিরের বিরুদ্ধে জমিদখল, ভয় দেখানো এবং এলাকায় ত্রাস সৃষ্টির মতো অভিযোগ করেছেন। কলকাতা হাই কোর্ট থেকে রক্ষাকবচ প্রত্যাহারের পর পালিয়ে গিয়েছিলেন তিনি। উত্তরবঙ্গের ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) জাহাঙ্গিরকে গ্রেফতার করে।

তদন্তকারী সংস্থার দাবি, মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখতে এবং একাধিক অভিযোগের সূত্র ধরে আরও তথ্য সংগ্রহের জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

রবিবার আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। জাহাঙ্গিরকে নিয়ে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা বলেন, ‘‘নানা অভিযোগ রয়েছে ওর বিরুদ্ধে। পাঁচ দিনের পিসি-র (পুলিশি হেফাজত) পর ছ’দিনের পিসি-র নির্দেশ দেওয়া হয়েছে। নতুন মামলা যুক্ত করা হচ্ছে বলে জানতে পেরেছি।’’

Advertisement
আরও পড়ুন