West Bengal Cabinet Expansion

লোক ভবনে মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! কোন ৩৫ জনকে দায়িত্ব দেওয়া হল শুভেন্দুর মন্ত্রিসভায়? পূর্ণ ও প্রতিমন্ত্রী কারা

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার ৩৫ জন সদস্য সোমবার লোক ভবনে শপথ নিয়েছেন। তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল আরএন রবি। এর পর নবান্নে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১০:২৩
লোক ভবনে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যেরা শপথ নিচ্ছেন। সোমবার।

লোক ভবনে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যেরা শপথ নিচ্ছেন। সোমবার। ছবি: সংগৃহীত।

রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল সোমবার। লোক ভবনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে শপথ নিলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য। বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন শুভেন্দু নিজে। মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল। পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন ১৩ জন—

Advertisement
  • তাপস রায় (মানিকতলা), মনোজ ওরাওঁ (কুমারগ্রাম), অর্জুন সিংহ (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), দীপক বর্মণ (ফালাকাটা), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), কল্যাণ চক্রবর্তী (খড়দহ), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), অজয় পোদ্দার (কুলটি), দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)।
  • স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতি রাভা রায় (তুফানগঞ্জ), রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর), ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)।
  • প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্ডা (ময়না), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), জুয়েল মুর্মু (হবিবপুর), হরেকৃষ্ণ বেরা (তমলুক), শান্তনু প্রামাণিক (ভগবানপুর), মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ), উমেশ রাই (হাওড়া উত্তর), পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর), ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর), দিবাকর ঘরামি (সোনামুখী), নাদিয়ারচাঁদ বাউড়ি (পারা), গার্গী দাস ঘোষ (কান্দি), অমিয় কিস্কু (নয়াগ্রাম), কলিতা মাজি (আউশগ্রাম), বিরাজ বিশ্বাস (করণদিঘি), সুমনা সরকার (বলাগড়), আনন্দময় বর্মণ (মাটিগাড়া-নকশালবাড়ি), বিশাল লামা (কালচিনি), দীপঙ্কর জানা (কাকদ্বীপ)।
লোকভবনে রাজ্যপাল আরএন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার।

লোকভবনে রাজ্যপাল আরএন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার। ছবি: সংগৃহীত।

অধিকাংশ মন্ত্রীই ধুতি-পঞ্জাবি পরে বাঙালি পোশাকে সেজে এসেছিলেন। তবে কে কোন দফতর পাচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। মন্ত্রিসভায় শপথের জন্য যাঁরা ডাক পেয়েছেন, অনেকেই এসেছিলেন পরিবারকে সঙ্গে নিয়ে। লোক ভবনে ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ প্রমুখ।

এর আগে গত ৯ মে ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু। তাঁর সঙ্গে আরও পাঁচ জন মন্ত্রীও সে দিন শপথ নেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুদের মধ্যে দফতরও বণ্টিত হয়ে গিয়েছে। এ বার সেই মন্ত্রিসভা সম্প্রসারিত হল। ৩৫ জন মন্ত্রীর শপথের সঙ্গে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা হল ৪১।

সূত্রের খবর, বুধবার শুভেন্দু মন্ত্রিসভার সদস্যদের নবান্নে বৈঠকে ডেকেছেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করে দিতে পারেন।

Advertisement
আরও পড়ুন