Mamata Banerjee

জেতার পরে আবার দেখা হবে, তখন ভাল মিষ্টি খাওয়াব, তবে ‘দিল্লি কা লাড্ডু’ নয়! রাজধানীর সাংবাদিকদের বলে দিলেন দিদি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনও সমঝোতা হবে কি না, তা-ও খোলসা করে দেন মমতা। তৃণমূলনেত্রী বলেন, ‘‘তৃণমূল একাই লড়তে পারে। আর ওখানে (পশ্চিমবঙ্গে) আমাদের বিরুদ্ধেই সবাই লড়ে।’’

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৯
After winning, we will meet again, then we will give sweets, said Mamata to the Delhi media

দিল্লিতে নয়া বঙ্গভবনের সামনে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

এসআইআরের ফলে ‘আক্রান্ত’দের পাশে নিয়ে মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে সেই বৈঠকের শেষে রাজধানীর সংবাদমাধ্যমকে (বিধানসভা নির্বাচনে) জয়ের মিষ্টি খাওয়ানোর আগাম নিমন্ত্রণ সেরে রাখলেন তৃণমূলের সর্বময় নেত্রী। সাংবাদিক বৈঠকের একেবারে শেষে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মমতা বলে দিলেন, ‘‘তা হলে ঠিক আছে! আবার দেখা হবে জেতার পরে। তখন ভাল মিষ্টি খাওয়াব। তবে ‘দিল্লি কা লাড্ডু’ নয়।’’

Advertisement

তিনি বিধানসভা ভোটের ফলাফলে প্রত্যাশা করছেন? কত আসন পাবে তৃণমূল? সংবাদমাধ্যমের সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘‘আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে এটুকু বলতে পারি, আরও বেশি আসন নিয়ে জিতব।’’ মমতার পাশে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ঘটনাচক্রে, গত তিন মাস ধরে অভিষেকও একাধিক বার দাবি করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন এবং ভোট শতাংশ দুই-ই বাড়বে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনও সমঝোতা হবে কি না, তা-ও খোলসা করে দেন মমতা। তৃণমূলনেত্রী বলেন, ‘‘তৃণমূল একাই লড়তে পারে। আর ওখানে (পশ্চিমবঙ্গে) আমাদের বিরুদ্ধেই সবাই লড়ে।’’ উল্লেখ্য, গত লোকসভা ভোটের আগেও রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সর্বভারতীয় কংগ্রেসের নেতা জয়রাম রমেশ, কেসি বেণুগোপালেরা আন্তরিক ভাবেই চেয়েছিলেন মমতার দলের সঙ্গে জোট করতে। কিন্তু অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকার ফলে তা সম্ভব হয়নি। কারণ, তৃণমূল তথা মমতা বিরোধিতাই অধীরের রাজনীতির ‘লাইন’। যেমন মমতা যখন মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করছেন তখন আনন্দপুরে অগ্নিকাণ্ডের অকুস্থলে গিয়ে অধীর কটাক্ষের সুরে বলেছেন, ‘‘এখানে না-এসে দিদি দিল্লিতে হাজিরা দিতে গিয়েছেন।’’ অধীরের জায়গায় শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পরে অনেকেরই ধারণা ছিল, তৃণমূল এবং কংগ্রেস ফের কাছাকাছি আসতে পারে। কারণ, রাজনৈতিক মহলের ধারণা শুভঙ্কর তৃণমূলের প্রতি খানিকটা ‘নরম’। কিন্তু মমতা সেই সম্ভাবনা আপাতত নস্যাৎ করে দিলেন।

এসআইআরের ফলে চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ গেলে তৃণমূলের রণনীতি কী, সে প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘রণনীতি কী হবে সেটা বলব না। ওটা পার্টিতে আলোচনা করে নেব। আমি একা কোনও সিদ্ধান্ত নিই না। আমরা গণতান্ত্রিক দল। তবে মাঠ ছাড়ব না। আর বাংলায় বিজেপি আসবে না। কারণ, মানুষ বিজেপি-কে ঘৃণা করে।’’

Advertisement
আরও পড়ুন