Truck Owner Arrested

উধাও বহু টাকার লোহা, গ্রেফতার এক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ নভেম্বর কলকাতার একটি পরিবহণ সংস্থার তরফে চন্দন কারমানি নামে এক ব্যক্তি কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নেপালের উদ্দেশে রওনা দিয়েছিল প্রায় দশ লক্ষ টাকা মূল্যের পিগ আয়রন বোঝাই ট্রাক। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই সেই সামগ্রী লোপাটের অভিযোগ উঠে। তদন্তে নেমে ট্রাকের মালিককে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম পিন্টু দাস। বাড়ি কুলটিতে। বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতকে তিন দিন পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ নভেম্বর কলকাতার একটি পরিবহণ সংস্থার তরফে চন্দন কারমানি নামে এক ব্যক্তি কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি ছিল, গত ২৩ সেপ্টেম্বর গোপালপুরের একটি বেসরকারি কারখানা থেকে প্রায় ৩০.০৮ মেট্রিক টন পিগ আয়রন ওই ট্রাকে তোলা হয়েছিল। সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৯ লক্ষ ৭০ হাজার টাকা। চুক্তি মাফিক ওই সামগ্রী নেপালে পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁদের।

ট্রাকটি রওনা দেওয়ার কয়েক দিন পরেই চালক শিবজি শর্মা এবং ট্রাকের মালিক পিন্টু দাসের সঙ্গে পরিবহণ সংস্থার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দু’জনের মোবাইল ফোন ছিল। এ দিকে নির্দিষ্ট সময়ে পণ্য গন্তব্যে না পৌঁছনোয় খোঁজখবর শুরু করে পরিবহণ সংস্থা। দীর্ঘ খোঁজাখুঁজিতেও ট্রাকটির সন্ধান না মেলায় পুলিশের দ্বারস্থ হয় তারা।

তদন্তে নেমে কুলটি থেকেই ট্রাকের মালিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতের নামে একাধিক গাড়ির নথির সন্ধান মিলেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। চালক এবং ট্রাকে থাকা পিগ আয়রনের খোঁজ চলছে।

আরও পড়ুন