CISF Jawan Arrested

আসানসোলে সিআইএসএফ ক্যাম্পে কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জওয়ান! চাকরি থেকে বরখাস্ত

সোমবার সিআইএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রকাশ্যে আসার পরেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছিল অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্ত জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৩:৪৬
CISF Jawan Arrested

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিম বর্ধমানের আসানসোলে কিশোরীকে যৌন হেনস্থা এবং হুমকির অভিযোগে গ্রেফতার হলেন এক সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর জওয়ান। ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে।

Advertisement

কিশোরীর বাবা কুলটি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, রবিবার দুপুরে কয়েক জন বন্ধুর সঙ্গে আসানসোলের শীতলপুর সিআইএসএফ ক্যাম্পে থাকা আমবাগানে গিয়েছিল তাঁর ১০ বছরের মেয়ে। সেখানে এক সিআইএসএফ জওয়ান তাঁর মেয়েকে ডাকেন। ভাল আম দেওয়ার নাম করে কিশোরীকে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেন। মেয়ে প্রতিবাদ করলে তাকে হুমকি দেন। কোনও রকমে বাড়ি ফেরে মেয়ে। বাবা-মাকে সে সমস্ত কথা জানায়।

ওই অভিযোগের ভিত্তিতে কুলটি থানার পুলিশ সিআইএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৩৭(২) ও ৩৫১ (২) ধারার পাশাপাশি পকসো আইনের ৮ এবং ১০ ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। শীতলপুরে ইসিএল সদর দফতর থেকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছেন।

অন্য দিকে, ওই ঘটনার প্রতিবাদে রবিবার রাতে ক্ষুব্ধ বাসিন্দারা থানার সামনে বিক্ষোভ দেখান। রাস্তাও অবরোধ করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সোমবার সিআইএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ প্রকাশ্যে আসার পরেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছিল অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্ত জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তারা বিবৃতিতে জানিয়েছে, বাহিনী শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে বদ্ধপরিকর এবং নারী ও শিশুদের বিরুদ্ধে কোনও ধরনের অপরাধের ক্ষেত্রে কোনও ছাড় না-দেওয়ার নীতি অনুসরণ করে।

Advertisement
আরও পড়ুন