Fraudulence

সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার একই পরিবারের ৩ জন

পরবর্তীকালে চাকরি না মেলায় পিন্টুরা খোঁজখবর করে জানতে পারেন, তাঁদের কাছে থাকা নিয়োগপত্র, সার্ভিস বুক সব কিছুই জাল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৩:০৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সরকারের গ্রুপ-সি পদে চাকরি দেওয়ার নাম করে ৫৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার একই পরিবারের তিন জন। তাঁদের গ্রেফতার করেছে বর্ধমান পুলিশ। ধৃতেরা হলেন স্বরূপ দত্ত, তাঁর স্ত্রী শ্রাবণী দত্ত এবং তাঁদের ছেলে সৌরভ দত্ত। এই ঘটনায় নাম জড়িয়েছে বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বর্ধমান শহরের তিনকোনিয়া বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা স্বরূপ সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বড়নীলপুর বালিডাঙার বাসিন্দা পিন্টু দাস এবং তাঁর পরিচিতদের তরফ থেকে দফায় দফায় প্রায় ৫৫ লক্ষ টাকা হাতিয়ে নেন। তাঁর বদলে তাঁদেরকে নিয়োগপত্র, সার্ভিস বুকও দেন ধৃত। এমনকি, চাকরির প্রশিক্ষণ দেওয়ারও আশ্বাস দেন স্বরূপ। পরবর্তীকালে চাকরি না মেলায় পিন্টুরা খোঁজখবর করে জানতে পারেন, তাঁদের কাছে থাকা নিয়োগপত্র, সার্ভিস বুক সব কিছুই জাল। প্রতারণার শিকার হওয়ার পর তাঁরা স্থানীয় থানায় লিখিত অভিযোগও জানান। কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি বলে দাবি পিন্টুর।

পরবর্তীতে রাজ্যে পালাবদলের পর থানায় এফআইআর করলে স্বক্রিয় হয় পুলিশ। তদন্তে নেমে স্বরূপ এবং তাঁর পরিবারের সদস্যদের গ্রেফতার করে তারা। ধৃতদের সোমবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হলে তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
আরও পড়ুন