ভাঙা হচ্ছে প্রাচীন বার্নপুর সিনেমা হল। ছবি: পাপন চৌধুরী।
সংস্থার জমিতে অবৈধ ভাবে গড়ে ওঠা ঐতিহ্যবাহী বার্নপুর সিনেমা হল রবিবার ইস্কো কর্তৃপক্ষের তরফে ভেঙে ফেলা হল। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, হলটি প্রায় ৬০ বছরেরও বেশি পুরনো। স্থানীয় বাসিন্দা রতন বিশ্বাস বলেন, “এই হলটি না ভেঙে একটু উন্নত করে কমিউনিটি হল করে রাখলে ভাল হত। একটা ঐতিহ্য তো রাখা উচিত ছিল।” আর এক বাসিন্দা অনিলকুমার মণ্ডল বলেন, “এটা পুরো আসানসোলের মধ্যে সবচেয়ে পুরনো সিনেমা হল। আসানসোল-বার্নপুরের ঐতিহ্য ছিল। ছোটবেলায় আমরা এখানে সিনেমা দেখেছি। আমার বাবাও দেখেছেন। এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। সব শেষ হয়ে গেল।”
সেল-ইস্কো কর্তৃপক্ষ তাঁদের জমিতে অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়, ক্লাব ও অন্য নির্মাণ ইতিমধ্যে ভেঙে দিয়েছে। জানা গিয়েছে, কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, এই এলাকায় সেল-ইস্কোর শ্রমিকদের থাকার জন্য বহুতল আবাসন নির্মাণ-সহ শহরকে পরিষ্কার ও সাজিয়ে তুলতে কাজ করা হবে। যদিও ইস্কো কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।