TMC BJP conflict

নজরে সমাজমাধ্যম, তৃণমূলকে টক্করের প্রস্তুতি বিজেপির

দলের ‘পরিবর্তন যাত্রা’য় যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁরা রাজ্যে ক্ষমতায় এলে শূন্য পদে নিয়োগ, স্থায়ী পদ ফেরানো, সপ্তম বেতন কমিশন চালুর মতো নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৮:৩৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আসন্ন বিধানসভা ভোটের আগে বেশ কিছু দিন আগেই বিরোধীদের নানা ভাষ্যের জবাব দিতে এবং দলের ভাষ্যকে জোরদার ভাবে সমাজমাধ্যমে তুলে ধরতে ‘ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই আবহে, শাসক-দলের এমন সমাজমাধ্যম-তৎপরতার পাল্টা সক্রিয় হয়েছে বিজেপি-ও। আর এই প্রেক্ষিতে সরকারি কর্মীদের মহার্ঘভাতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতির বিরুদ্ধাচরণ, শিক্ষক-নিয়োগে স্বচ্ছতা ইত্যাদি বিষয়ে মানুষের যা দাবি এবং তা নিয়ে দলীয় প্রতিশ্রুতি, তা তুলে ধরে সমাজমাধ্যমে পাল্টা রাজনৈতিক ভাষ্য নির্মাণে জোর দিচ্ছে রাজ্য বিজেপি।

দলের ‘পরিবর্তন যাত্রা’য় যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁরা রাজ্যে ক্ষমতায় এলে শূন্য পদে নিয়োগ, স্থায়ী পদ ফেরানো, সপ্তম বেতন কমিশন চালুর মতো নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এই আবহে বিজেপি সমাজমাধ্যমের জন্য যে প্রচার-ভিডিয়ো বানিয়েছে, তাতে দেখা যাচ্ছে এক পুলিশকর্মী ও তাঁর স্ত্রী শাহের বেতন কমিশন সংক্রান্ত প্রতিশ্রুতি শুনে আশ্বস্ত হচ্ছেন। বিজেপি সূত্রে ব্যাখ্যা, ভোটে বুথ-সহ নানা ক্ষেত্রে দায়িত্বে থাকেন রাজ্যের কর্মী, আধিকারিক, পুলিশকর্মীরা। কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা না-পাওয়ায় তাঁরা ‘ক্ষুব্ধ’। তাঁদের সেই ‘ক্ষোভ’-কে ছুঁতেই এমন ভিডিয়ো। অনুপ্রবেশ, যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান, নারী ক্ষমতায়নের মতো নানা বিষয়ে এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্তদের জন্য দলের প্রতিশ্রুতি নিয়েও ভিডিয়ো বানানোর কাজ চলছে।

সমাজমাধ্যম ব্যবহার করে এই সব ভিডিয়োর মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে চাইছে বিজেপি। দলের এক রাজ্য-নেতার বক্তব্য, “ভিডিয়োগুলি গল্পের আকারে তৈরি হচ্ছে, যা রাজনৈতিক বার্তাকে সহজবোধ্য ও সমাজমাধ্যমে আরও দ্রুত ছড়িয়ে পড়ার উপযোগী করে তুলছে। বাঙালির চাওয়া-পাওয়ার মধ্যে আমাদের প্রতিশ্রুতিগুলি থাকলে, সেই প্রচারেরপ্রভাবও বাড়বে।”

এ দিকে, বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে নিহত কর্মীদের পরিবারকে দলীয় কাজে ফের ‘সক্রিয়’ করার পরিকল্পনাও নিয়েছে বিজেপি। এই সূত্রেই দলের যে ‘পরিবর্তন যাত্রা’ চলছে, তার যাত্রা-পথের যে যে এলাকায় অতীতে কর্মীরা নিহত হয়েছিলেন, সেখানে সংশ্লিষ্ট কর্মীর পরিবারকে সংবর্ধনা জানানো হচ্ছে। তৈরি হচ্ছে ‘শহিদ বেদি’-ও।

বিজেপি সূত্রে দাবি, এর ফলে পরিবারগুলি আবার রাজনৈতিক ভাবে সক্রিয় হতে পারেন। সেই সঙ্গে, নিচুতলার কর্মীদের কাছে বার্তা যাবে, দল লড়াই করা কর্মীদের যথাযথ সম্মান দিতে জানে।

আরও পড়ুন