গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
জমি-বাড়ি-ফ্ল্যাটের মিউটেশনের জন্য বাড়তি টাকা তোলার অভিযোগে কলকাতা হাই কোর্টের প্রশ্নের মুখে পড়ল বিধাননগর পুর নিগম। বুধবার বিধাননগর পুর নিগমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানিতে বিচারপতি রাজা বসুচৌধুরীর প্রশ্ন, ‘‘এত বছর ধরে লেভির নামে যে বাড়তি অর্থ নেওয়া হয়েছে, তার হিসাব কোথায়?’’ ৭ জুলাই পরবর্তী শুনানিতে রাজ্য ও বিধাননগর পুর নিগমকে সবিস্তার তথ্য সমেত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
অভিযোগ, সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতল আবাসনের বাসিন্দাদের থেকে মিউটেশনের জন্য সম্পত্তির মূল্যের উপরে ০.৮ শতাংশ হারে টাকা দাবি করেছিল পুরনিগম। তার বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হন ওই বহুতলের ৩২ জন আবাসিক। তাঁদের আইনজীবী অরিন্দম দাসের অভিযোগ, পুর আইন অনুযায়ী মিউটেশনের জন্য নির্ধারিত ৩০০ টাকা লাগে। কিন্ত ওই বহুতলের আবাসিকদের থেকে ‘লেভি’ হিসেবে এক লক্ষ টাকার বেশি দাবি করেছে পুর নিগম। অরিন্দম জানান, ২০১৭-১৮ সালে তৎকালীন পুর বোর্ড আয় বাড়ানোর জন্য এই বাড়তি লেভি চালুর সিদ্ধান্ত নিয়েছিল।