Suvendu Adhikari Calcutta High Court

সিইও দফতরের কাছে শুভেন্দুকে জুতো দেখানোর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব, নিরাপত্তাও নিশ্চিত করতে বলল হাই কোর্ট

গত ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূলপন্থী বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) একটি সংগঠন। বিকেলে সেখানে শুভেন্দু গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে জুতো দেখানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৩
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ এবং জুতো দেখানোর ঘটনায় সরকারের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। ওই ঘটনার প্রেক্ষিতে হাই কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। আদালতের নির্দেশ, পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে।

Advertisement

গত ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূলপন্থী বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) একটি সংগঠন। বিকেলে সেখানে শুভেন্দু গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ওঠে ‘চোর-চোর’ স্লোগান। ওই ভিড় থেকেই কয়েক জন বিরোধী দলনেতাকে জুতো দেখান বলেও অভিযোগ। শুভেন্দু সেই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে সিইও দফতরের সামনের ঘটনা নিয়ে রাজ্যকে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।

বিএলও-দের বিক্ষোভ পেরিয়েই সে দিন সিইও দফতরে ঢুকেছিলেন শুভেন্দু। নিজের দাবিদাওয়ার কথা জানিয়ে আবার বেরিয়ে আসেন। তৃণমূলের পাল্টা অভিযোগ, শুভেন্দুর উপস্থিতিতে বিজেপি সমর্থকেরা বিক্ষোভকারীদের মারধর করেছেন, হুমকি দিয়েছেন। এমনকি, মহিলাদের সম্ভ্রমহানিও করা হয়েছে। শুভেন্দু বাধা দেননি। বিজেপির ঝান্ডা হাতে কয়েক জন শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। মারধর করা হয়েছে পতাকার ডান্ডা দিয়ে। এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় তৃণমূলপন্থী বিএলও-রা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে এফআইআর করে পুলিশ। তার পরেই শুভেন্দু আদালতে যান। আপাতত তাঁর নিরাপত্তা রাজ্যকে নিশ্চিত করতে বলল আদালত। কেন সে দিন বিরোধী দলনেতার উপস্থিতিতে সিইও দফতরের সামনে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল, তা-ও জানতে চাওয়া হয়েছে রাজ্যের কাছে।

Advertisement
আরও পড়ুন