Advertisement
E-Paper

‘শুভেন্দুর উপস্থিতিতে মারধর, সম্ভ্রমহানি সিইও দফতরের সামনে’! বিজেপি কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ মহিলা বিএলও-র

মঙ্গলবার বেলা বাড়তেই সিইও অফিসের সামনে জড়ো হয়েছিল ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। সেখানেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই সময়ই বিএলও-দের উপর হামলা করেন কয়েক জন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮
Police complaint filed by woman BLO against BJP supporters criminal intimidation, FIR registered

শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলা, ভয় দেখানো এবং মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ করলেন এক বুথ স্তরের আধিকারিক (বিএলও)। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসের সামনে মঙ্গলবার বিকেলে ধুন্ধুমার কাণ্ড বাধে। অভিযোগ, সেই সময় বিজেপির পতাকা হাতে কয়েক জন ভিড় থেকে বিক্ষোভকারীদের মারধর করেন। এমনকি, মহিলা বিএলও-দের উদ্দেশে কটূক্তি, তাঁদের সম্ভ্রমহানি করা হয় বলেও অভিযোগ।

মঙ্গলবার বেলা বাড়তেই সিইও অফিসের সামনে জড়ো হয়েছিল ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’। নানা দাবি নিয়ে কমিশনের বিরুদ্ধে সিইও অফিসের সামনে তৃণমূলপন্থী বিএলও সংগঠন ধর্না দিচ্ছিল। তবে বিকেলে সিইও অফিস চত্বরে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু পৌঁছোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিরোধী নেতা সিইও দফতরে ঢুকতে গেলে, সেখানে আগে থেকেই ধর্না দেওয়া তৃণমূল সমর্থক বিএলও-রা শুভেন্দুর গাড়ি ঘিরে ‘চোর’ ‘চোর’ স্লোগান দিতে থাকেন। জুতোও দেখানো হয়েছে বলে অভিযোগ।

এই পরিস্থিতির মধ্যেই শুভেন্দু সিইও দফতরে ঢুকে যান। বেশ কিছু ক্ষণ পর কমিশনে দাবিদাওয়ার কথা জানিয়ে সিইও দফতর থেকে বেরোতে গেলে আবার বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। তিনি যখন প্রথমে সিইও দফতরে আসেন তখন তাঁর সঙ্গে ছিলেন হাতেগোনা কয়েক জন। তবে শুভেন্দু যখন সিইও দফতর থেকে বার হন, তত ক্ষণে বিজেপি কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে যান। তখনই গোলমাল বাধে। পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

অভিযোগ, হট্টগোলের মধ্যে বিক্ষোভরত বিএলও-দের মারধর করেছেন কয়েক জন বিজেপি সমর্থক! সে সময় ঘটনাস্থলে ছিলেন শুভেন্দুও। কিন্তু তিনি বাধা দেননি। মহিলা বিএলও-দের হয়রানি, সম্ভ্রমহানি করার অভিযোগও উঠেছে। হেয়ার স্ট্রিট থানায় সেই অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ।

অভিযোগপত্রে দাবি, বিএলও-রা নিজেদের দাবিদাওয়া নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। সেই সময় শুভেন্দুর উপস্থিতিতে কয়েক জন বিজেপির ঝান্ডা হাতে আক্রমণ করেন বিক্ষোভকারীদের। পতাকার ডান্ডা দিয়ে মারধর করা হয়। তাঁদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে অভিযোগপত্রে।

BLO Protest Suvendu Adhikari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy