ফরাসি ওপেনে আবার অঘটন। তৃতীয় রাউন্ড থেকে ছিটকে গেলেন নোভাক জোকোবিচ। শুক্রবার হেরে গেলেন ব্রাজ়িলের জোয়াও ফনসেকার কাছে। ৬-৪, ৬-৪, ৩-৬, ৫-৭, ৫-৭ গেমে হেরেছেন জোকোভিচ। ফলে ২৫তম গ্র্যান্ড স্ল্যামের জন্য অপেক্ষা বাড়ছে সার্বিয়ার খেলোয়াড়ের। কার্লোস আলকারাজ় চোটের কারণে খেলেননি। শারীরিক অসুস্থতায় বৃহস্পতিবার বিদায় নিয়েছেন ইয়ানিক সিনারও। ফলে জোকোভিচের কাছে সুবর্ণ সুযোগ ছিল ট্রফি জেতার। তা হচ্ছে না। দু’সেট এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হল জোকোভিচকে। বয়স যে তাঁর খেলায় ছাপ ফেলেছে তা বোঝা গিয়েছে। প্রায় পাঁচ ঘণ্টার লড়াইয়ে হারলেন জোকোভিচ।
এ দিকে, সহজেই ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেলেন ইগা শিয়নটেক। চার বারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সুরকির কোর্ট তাঁর হাতের তালুর মতোই চেনা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই তিনি তৃতীয় রাউন্ডে ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন ম্যাগডা লিনেটকে। তবে এ দিন ফরাসি ওপেন আলোচিত হয়েছে জোড়া বিতর্কে।
চতুর্থ রাউন্ডে শিয়নটেকের সামনে ইউক্রেনের মার্তা কস্তিয়ুক। তিনি ১৪টি ম্যাচ জিতে খেলতে নামবেন। প্রথম সেটেই তিন বার বিপক্ষকে ব্রেক করেন শিয়নটেক। এক সময় ৪-১ এগিয়ে যান। লিনেট কয়েক বার ম্যাচে ফেরার চেষ্টা করলেও লাভ হয়নি। ৮৫ মিনিটে ম্যাচ জেতেন শিয়নটেক।
এ দিকে, বিজ্ঞাপনী বিলবোর্ডে ধাক্কা খেয়ে চোট পেয়ে ফরাসি ওপেন থেকে ছিটকে গিয়েছেন তুরস্কের খেলোয়াড় জ়েনেপ সোনমেজ়। ডাবলস খেলতে নেমেছিলেন তাতিয়ানা মারিয়ার সঙ্গে। একটি শট রিটার্ন করতে গিয়ে বেসলাইনের পিছনে থাকা বিজ্ঞাপনী বোর্ডে ধাক্কা খান। সঙ্গে সঙ্গে কোর্টে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ফিজিয়ো চিকিৎসা করলেও উঠে দাঁড়াতে পারেননি। ম্যাচ ছেড়ে দিতে হয়। এর পরেই সমর্থকেরা ক্ষোভপ্রকাশ করেছেন কোর্টের এত কাছে বিজ্ঞাপনী বোর্ড লাগানো নিয়ে। সম্প্রতি অনুশীলনে বেলজিয়ামের আলেকজ়ান্ডার ব্লক্সও অল্পের জন্য বড় চোট থেকে বেঁচেছিলেন।
আরও পড়ুন:
অপর ঘটনাটি ঘটেছে প্যারাগুয়ের আদলফো ভায়েজোর ম্যাচে। মহিলা আম্পায়ার আনা কার্ভালহোর উদ্দেশে নারীবিদ্বেষী মন্তব্য করেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে হারের পর তিনি বলেন, “এ ধরনের ম্যাচ কোনও পুরুষের পরিচালনা করা উচিত। মহিলাদের পক্ষে এই কাজ সম্ভব নয়। কারণ এত দর্শকের সামনে খেলা কঠিন। তার জন্য আলাদা শক্তি দরকার হয়।” এর পরেই ভায়েজোর সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, হারের দায় কেন মহিলা আম্পায়ারের উপর চাপাচ্ছেন ভায়েজো। তাঁকে ভবিষ্যতে নির্বাসিত করার আবেদনও করা হয়।