Advertisement
E-Paper

‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ থেকে গুলি চালিয়ে খুন হাওড়ার প্রোমোটারকে! দোষীদের ধরা না-হলে ভোট বয়কটের ডাক স্থানীয়দের

নিহত যুবকের নাম সৌফিক খান। বুধবার ভোরে পিলখানা এলাকায় ঘটে গুলিকাণ্ড। নিহতের পরিবারের দাবি, সোফিকের কাছে টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা না-দেওয়ায় তাঁকে গুলি করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪
A man died in Howrah, local demand justice

মৃত যুবক সৌফিক খান। — ফাইল চিত্র।

গুলি চলল হাওড়ায়! বুধবার ভোরে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ থেকে গুলি করে এক যুবককে খুন করার ঘটনা ঘটল। নিহত যুবক এলাকায় প্রোমোটার বলে পরিচিত। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় গোলাবাড়ি থানা এলাকার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, নিহত যুবকের নাম সৌফিক খান। বুধবার ভোরে পিলখানা এলাকায় ঘটে গুলিকাণ্ড। নিহতের পরিবারের দাবি, সোফিকের কাছে টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা না-দেওয়ায় তাঁকে গুলি করা হয়েছে। পুরনো শত্রুতার জেরে খুন বলে দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

ঘটনাস্থলে চায়ের দোকানের কাছে এক সিসি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজে দেখা গিয়েছে, ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন সৌফিক। তাঁর সঙ্গে দু’জন দাঁড়িয়ে কথা বলছেন। কথাবার্তার মাঝেই এক যুবক আচমকা বন্দুক বার করে একদম কাছ থেকে গুলি করেন সৌফিককে। সঙ্গে সঙ্গে অপর যুবকও গুলি ছোড়েন। জানা গিয়েছে, সৌফিকের মাথা এবং বুক ফুঁড়়ে গুলি বেরিয়ে গিয়েছে। ওই অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

নিহত পরিবারের দাবি, হারুন শেখ এবং রোহিত নামে দুই যুবকই গুলি করেছেন সৌফিককে। তাঁরা টাকা চেয়েছিলেন। সেই টাকা নিয়ে কয়েক দিন ধরেই বচসা চলছিল। সেই রাগে খুন। যদিও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয়দের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না-নিলে ভোট বয়কটের কথা বলছেন স্থানীয়েরা।

গুলিকাণ্ডের খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর মহম্মদ রুস্তম। তিনি জানান, সামনে বিধানসভা নির্বাচন। এর আগে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালাচ্ছে। পুলিশকে আরও সক্রিয় হতে হবে। এই ঘটনা সম্পর্কে পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে, টাকা নিয়ে বিবাদ ছিল। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে কলকাতার তিলজলা রোডে গুলি চলে। বেনিয়াপুকুর থানা এলাকায় কয়েক জন স্থানীয় যুবক এবং মহম্মদ নিয়াজ ওরফে রাজা নামে বছর তেইশের এক যুবকের মধ্যে অশান্তি হয়। সেই অশান্তির জেরেই রাতে রাজাকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ পরিবারের। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার গুলি চলল কলকাতার অদূরে হাওড়ায়।

Shoot out CCTV
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy