সোমবার আরজি কর হাসপাতালে সিবিআইয়ের তদন্তকারী দল। — নিজস্ব চিত্র।
আরজি কর হাসপাতালে সোমবার ফের পৌঁছে গেল সিবিআই। ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তে হাসপাতালে গিয়েছেন তদন্তকারীরা। সিবিআই-এর দলে এক জন মহিলা আধিকারিকও রয়েছেন। আরজি করে পৌঁছোনোর পরে হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে যান তদন্তকারীরা। তাঁদের সঙ্গে রয়েছেন হাসপাতালের আধিকারিকেরাও। বর্তমানে সেখান থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে আরজি করের ঘটনাস্থলেও যেতে পারেন তদন্তকারীরা।
দু’বছর আগে, ২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। ওই ঘটনায় আসামি সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আরজি করের ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। গত মাসেই হাই কোর্ট সিবিআই-কে জানায়, আরজি কর হাসপাতালের সেমিনার হল-সহ যে যে জায়গা সিল করার প্রয়োজন, সেগুলি সিল করে দিতে হবে।
আরজি কর-কাণ্ডের পরে প্রথমে ঘটনার তদন্ত চালাচ্ছিল পুলিশ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে সিবিআইয়ের হাতে যায় তদন্তভার। উল্লেখ্য, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পরই প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। এ অবস্থায় পুনরায় তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।
গত মাসে হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ জানায়, আরজি কর হাসপাতালের ওই ঘটনাস্থল সিল করতে হবে। আরজি করের ঘটনাস্থলে সিল খোলা হয়েছে কি না, সে নিয়েও প্রশ্ন করে আদালত। হাই কোর্টের পর্যবেক্ষণ ছিল, দ্রুত ঘটনাস্থল সিল করুক সিবিআই। এমতাবস্থায় সোমবার হাসপাতালে গিয়ে ফের সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করলেন সিবিআইয়ের তদন্তকারীরা।