Bengal Recruitment Case

নিয়োগ মামলায় এ বার গোপন জবানবন্দির আর্জি, সিবিআই রেকর্ড করতে চায় চার চাকরিপ্রার্থীর কথা

গত অগস্টে টাকা দিয়ে চাকরি পাওয়া চার অযোগ্য শিক্ষককে গ্রেফতার করেছিল সিবিআই। এ বার টাকার বিনিময়ে চাকরি চাওয়া আরও চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করানোর কথা বলল তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৩

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

টাকা দিয়ে সরকারি চাকরি পেতে চেয়েছিলেন যাঁরা, এ বার তাঁদের বক্তব্য রেকর্ড করাতে চায় সিবিআই। তবে গোপনে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ইতিমধ্যেই আলিপুর আদালতে এ বিষয়ে একটি আবেদন করা হয়েছে। তাতে সিবিআই চারজন চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করানোর অনুমতি চেয়েছে আদালতের কাছে।

Advertisement

এই প্রথম নিয়োগ মামলায় চাকরিপ্রার্থীদের গোপন জবানবন্দি রেকর্ড করাতে চাইল সিবিআই। যে চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি রেকর্ড করার কথা আদালতকে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি, তাদের সঙ্গে অবশ্য আগেও কথা বলেছে সিবিআই। নিয়োগ মামলার শুনানি চলাকালীন আদালতে সিবিআইয়ের সামনেই সাক্ষ্য দিয়েছিলেন এই চাকরিপ্রার্থীরা। সিবিআই সূত্রের খবর, এঁদেরকে প্রশ্ন করা হয়েছিল, ঘুর পথে চাকরি পেতে কী পদ্ধতিতে টাকা দিতে হয়েছিল তাঁদের? কোথা থেকে কী ভাবেই বা জেনেছিলেন এ ব্যাপারে? কারা এ বিষয়ে যোগাযোগ রাখতেন তাঁদের সঙ্গে?

সূত্রের খবর, আদালত যদি সিবিআইয়ের গোপন জবানবন্দির আবেদন মঞ্জুর করে, তবে ওই চাকরিপ্রার্থীদের এই সংক্রান্ত যাবতীয় তথ্য আবার জানাতে হতে পারে ম্যাজিস্ট্রের সামনে। তবে এর পাশাপাশি অন্য প্রশ্নেরও উত্তর দিতে হতে পারে। তবে যেহেতু এই প্রথম নিয়োগ মামলায় সিবিআই এই চাকরিপ্রার্থীদের গোপন জবানবন্দির আবেদন করেছে, তাই তাঁদের বক্তব্য এবং তা থেকে কী তথ্য উঠে আসতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

উল্লেখ্য, এর আগে গত ৭ অগস্ট টাকা দিয়ে চাকরি পাওয়া চার অযোগ্য শিক্ষককে গ্রেফতার করেছিল সিবিআই। তার পর বাঁকুড়ার ৭ শিক্ষককে তলব করেছিল সিবিআই। এ বার চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দিও রেকর্ড করানোর কথা বলল কেন্দ্রীয় সংস্থা।

Advertisement
আরও পড়ুন