CM Mamata Banerjee & SIR Resolution

এসআইআরের বিরুদ্ধে প্রস্তাব-আলোচনায় বিধানসভায় সরকার পক্ষের একমাত্র বক্তা হতে পারেন মুখ্যমন্ত্রী, বিপক্ষে শুভেন্দু-সহ-তিন

১৬৯ ধারায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রস্তাবটি আনবেন। সব ঠিকঠাক থাকলে, এই প্রস্তাবে সরকার পক্ষের একমাত্র বক্তা হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০২
CM Mamata Banerjee may be the only speaker from the government side on the anti SIR resolution in the Legislative Assembly

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী (ডান দিকে)। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গ বিধানসভার শেষ অধিবেশনেও ছড়াতে পারে রাজনৈতিক উত্তাপ! আগামী শুক্রবার বিধানসভায় সরকার পক্ষের তরফে আনা হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে প্রস্তাব। ১৬৯ ধারায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রস্তাবটি আনবেন। সব ঠিকঠাক থাকলে, এই প্রস্তাবে সরকার পক্ষের একমাত্র বক্তা হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পর্যন্ত ওই বিষয়ে বক্তৃতা করার জন্য তৃণমূল পরিষদীয় দলের কাছে আর কোনও নাম জমা পড়েনি। তাই ধরেই নেওয়া হচ্ছে, শাসক শিবিরের তরফে মমতাই হতে পারেন এসআইআর-বিরোধী একমাত্র বক্তা।

Advertisement

শুক্রবার বিধানসভার প্রথমার্ধে পেশ করা হবে এই প্রস্তাবটি। আলোচনার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এক ঘণ্টা সময় বরাদ্দ করেছেন। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপিকে আধ ঘণ্টা করে বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে। শাসকদলের পক্ষে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর নামই চূড়ান্ত হয়েছে বক্তৃতা করার জন্য। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও আরও দু’জন বিধায়ককে বক্তৃতা করার সুযোগ দেওয়া হতে পারে।

তাই মনে করা হচ্ছে, ওই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বাগ্‌যুদ্ধে জড়াতে পারে বিজেপি পরিষদীয় দল। তৃণমূল পরিষদীয় দলের মুখ্যসচেতক নির্মল ঘোষ বলেন, ‘‘আমাদের বক্তা তালিকা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করব না। তবে দিল্লিতে কেন্দ্রীয় সরকার আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ব্যবহার করেছে, তা মেনে নেওয়া যায় না।’’ তিনি আরও বলেন, ‘‘এসআইআরের নামে যে ভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদ জানাতেই আমাদের মুখ্যমন্ত্রী দিল্লি গিয়েছিলেন। তিনি যদি নিজের সেই অভিজ্ঞতার কথা বিধানসভায় তুলতে চান, তা হলে তা অবশ্যই আমরা শুনতে চাইব।’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভায় অন্তবর্তী বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ওই দিন দুপুরে বিধানসভায় বাজেট বক্তৃতা দিতে আসবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Advertisement
আরও পড়ুন