Commercial Gas

আবার দামবৃদ্ধি, মার্চেও বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের মূল্য! অপরিবর্তিত ঘরোয়া রান্নার গ্যাসের দাম

১ মার্চ ২০২৬ থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আগের দামের তুলনায় প্রতি সিলিন্ডারে বেড়েছে ৩১ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০০:১০

—প্রতীকী চিত্র।

পর পর মাসে দাম বাড়ার ধারা অব্যাহত। মার্চ মাসের শুরুতেই ফের মূল্যবৃদ্ধি হচ্ছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। সংশোধিত দামের তালিকা অনুযায়ী, ১ মার্চ ২০২৬ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আগের দামের তুলনায় প্রতি সিলিন্ডারে বেড়েছে ৩১ টাকা। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

Advertisement

তথ্য অনুযায়ী, ভারতের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি মাসেই বাড়ানো বা কমানো হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্য এবং মুদ্রা বিনিময় হারের ওঠানামার উপর ভিত্তি করেই এই “মাসিক পুনর্মূল্যায়ন” করা হয় বলে তেল সংস্থাগুলির দাবি। সাম্প্রতিক মাসগুলির দিকে তাকালে দেখা যাচ্ছে, ২০২৫ সালের অক্টোবর মাসে বাণিজ্যিক গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে প্রায় ১৫ টাকা ৫০ পয়সা বেড়েছিল। নভেম্বর মাসে সামান্য স্বস্তি মিললেও দাম কমেছিল মাত্র ৫ টাকা। ডিসেম্বরে কিছু এলাকায় আবারও অল্প পরিমাণে দাম কমানো হয়। তবে নতুন বছরের শুরু থেকেই ফের ঊর্ধ্বমুখী হয়েছে মূল্য। ১ জানুয়ারি ২০২৬-এ এক ধাক্কায় প্রায় ১১১ টাকা বাড়ানো হয় বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তার পর ১ ফেব্রুয়ারিতে আরও ৪৯ টাকা বৃদ্ধি পায়।

এর সঙ্গে মার্চ মাসে নতুন করে ৩১ টাকা বৃদ্ধিতে স্পষ্ট, গত কয়েক মাস ধরেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ধারাবাহিক ভাবে বাড়ছে। ফলে হোটেল, রেস্তরাঁ, ধাবা ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের খরচ উল্লেখযোগ্য ভাবে বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

তবে স্বস্তির বিষয়, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও সাধারণ গ্রাহকদের ব্যবহৃত ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। বর্তমানে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকাতেই স্থির রয়েছে। ফলে সাধারণ পরিবারের উপর আপাতত অতিরিক্ত চাপ না পড়লেও, বাণিজ্যিক ক্ষেত্রে মূল্যবৃদ্ধির প্রভাব বাজারে পড়তে পারে বলেই আশঙ্কা।

Advertisement
আরও পড়ুন