—প্রতিনিধিত্বমূলক ছবি।
চলতি বছরে বিপুল পরিমাণে আলু উৎপাদন হলেও রাজ্য সরকারের উদাসীনতার ফলে আতান্তরে পড়েছেন আলু চাষিরা, এমনই অভিযোগ তুলে এবং ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে লিখিত ভাবে আর্জি জানাল ফরওয়ার্ড ব্লকের গণ-সংগঠন ‘সারা ভারত অগ্রগামী কিসান সভা’। সংগঠনের রাজ্য সম্পাদক ফরিদ মোল্লা বলেছেন, রাজ্য সরকার বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া নিয়ে ব্যস্ত। অথচ, আলুচাষিদের বিষয়ে উদাসীন। এই সুযোগে ব্যবসায়ীদের একাংশ হিমঘর মালিকদের সঙ্গে যোগসাজশ করে অত্যন্ত কম দামে চাষিদের থেকে আলু কিনে নিচ্ছেন। ফরিদের অভিযোগ, ‘আলু চাষের খরচও উঠছে না। আলুকে বাজারজাত করা, ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার মতো বিষয়েও সরকার দায়িত্বহীন। পাশাপাশি, সরকারি নির্দেশ অনুযায়ী, অন্য রাজ্যে আলু বিক্রি করা যাচ্ছে না।’ এই পরিস্থিতিতে সরকার যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে, সেই দাবি তুলেছে কিসান সভা।