West Bengal Budget 2026

জোর নারী‌কল্যাণে, ঘর থেকে ব্যবসায় সাহায্য

নির্বাচনী ইস্তাহারে মহিলাদের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সংশ্লিষ্ট মহলের দাবি, বাজেট সেই কথাই রাখার ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ০৮:১৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বিশেষ ভাবে জোর দেওয়া হল নারীদের উন্নয়নে। সেই নারী কখনও গৃহবধূ, কখনও আশা-অঙ্গনওয়াড়ি কর্মী, কখনও বা উচ্চশিক্ষা নিতে না পারার ঝুঁকির মুখে দাঁড়িয়ে থাকা কলেজ পড়ুয়া। তালিকায় রয়েছেন বয়স্ক, গর্ভবতী মহিলারাও। আর্থিক সহায়তা বৃদ্ধি-সহ একগুচ্ছ জনকল্যাণমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নারীশক্তির বিকাশে ঘর থেকে রান্নাঘর পর্যন্ত আয়ের ব্যবস্থা করেছেন তিনি। নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ পেয়েছে সর্বোচ্চ বরাদ্দ, ৫২,৩০৮ কোটি টাকা।

নির্বাচনী ইস্তাহারে মহিলাদের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সংশ্লিষ্ট মহলের দাবি, বাজেট সেই কথাই রাখার ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী। এ দিন সরকারি এবং সরকার পোষিত কলেজের অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন ৫০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। বরাদ্দ ১০০০ কোটি। প্রসূতিরা প্রধানমন্ত্রী মাত্রুবন্দনা প্রকল্পে পাবেন ২১ হাজার টাকা। দেওয়া হবে ছ’টি পুষ্টি কিট। বিজেপি সরকার সরকারি বাসে মহিলাদের ভাড়ামুক্ত যাতায়াতের সুবিধা এনেছিল ক্ষমতায় এসেই। ঘোষণা হয়েছিল অন্নপূর্ণা যোজনাও। যেখানে যোগ্যরা প্রতি মাসে ৩০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। বাজেটে এই দুই প্রকল্পে বরাদ্দ হয়েছে যথাক্রমে ৫৫০ কোটি এবং ৩৬ হাজার কোটি টাকা। বলা হয়েছে, অন্নপূর্ণায় দুর্বল শ্রেণির পিছিয়ে থাকা মহিলারা রোজগারের মুখ দেখবেন। আর বাড়িতে করা রান্না বিক্রি করে যাতে তাঁরা পায়ের তলার জমি আরও পোক্ত করতে পারেন, সেই লক্ষ্যে আনা হবে ‘ক্লাউড কিচেন’ নীতি। বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের মাসিক ভাতাও ৫০০ টাকা বাড়ানো হয়েছে। আশা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসে পারিশ্রমিক বেড়েছে ৫০০০ টাকা।

বাজেটে স্বপন বলেছেন, মহিলাদের নিরাপত্তায় জোর দিতে পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় থাকবে নারী সহায়তা কেন্দ্র। প্রতিটি মহকুমায় থাকবে একটি মহিলা থানা। শহরের জনবহুল ব্যস্ত এলাকায় টহল দেবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। আর রাজ্য রিজ়ার্ভ পুলিশ বাহিনীতে থাকবে মাতঙ্গিনী হাজরা এবং নারী শিরোমণির নামে দু’টি ব্যাটেলিয়ান।

বিভিন্ন সরকারি দফতরে যে এক লক্ষ শূন্যপদ পূরণ হবে, তার মধ্যে ৩৩% পদ মহিলাদের জন্য সংরক্ষিত। বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি ও অঙ্কে ছাত্রীদের উৎসাহ বাড়াতে প্রতিটি জেলায় উচ্চশিক্ষায় ভর্তি ছাত্রীদের জন্য সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে একটি করে ছাত্রীনিবাস তৈরি হবে। কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ ও ফলতায় গড়া হবে মহিলা কলেজে। আর সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বসবে স্যানিটারি ভেন্ডিং মেশিন।

আরও পড়ুন