Municipality Recruitment Case

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আবার তলব মন্ত্রী সুজিতকে, ইডির কাছে সময় চাইলেন মন্ত্রী রথীন

২০২৩ সালের অক্টোবরে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ২০২৪ সালে জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে মন্ত্রী সুজিত বসুর দফতর এবং বাড়িতে হয়েছিল ইডি-অভিযান।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ২০:৫৪
ED summons again West Bengal minister Minister Sujit Basu, Rathin Ghosh asked for time

(বাঁ দিকে) সুজিত বসু এবং রথীন ঘোষ (ডান দিকে)। — ফাইল চিত্র।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত শুক্রবারই নোটিস পাঠিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে সময় চান সুজিত। সোমবার হাজিরা দেওয়ার কথা থাকলেও, দমকলমন্ত্রী ইডির কাছে সময় চান। কবে হাজিরা দিতে পারবেন, তা-ও জানিয়েছিলেন সুজিত। তার মধ্যেই আবার তাঁকে তলব করল ইডি। ইডি সূত্রে খবর, চলতি সপ্তাহেই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

Advertisement

শুধু সুজিত নন, ইডির নজরে রাজ্যের আরও এক মন্ত্রী। সুজিতের সঙ্গেই রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও পুর নিয়োগ মামলায় তলব করা হয়েছিল। সূত্রের খবর, বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছিল ইডি। তবে তিনিও ইডির কাছে সময় চেয়েছেন।

সুজিত এবং রথীনকে এ বারও বিধানসভা ভোটে প্রার্থী করেছে তৃণমূল। সুজিত বিধাননগরে, রথীন মধ্যমগ্রামে লড়ছেন। উল্লেখ্য, এর আগে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকেও তলব করেছিল ইডি। জমি দখলের মামলায় তলব করে তিন বার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দলীয় তিন প্রার্থীকে ভোটের আগে তলব করার নেপথ্যে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ দেখছে তৃণমূল।

২০২৩ সালের অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীনকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সে সময় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ২০২৪ সালে জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে মন্ত্রী সুজিতের দফতর এবং বাড়িতে হয়েছিল ইডি-অভিযান। তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের ঠিকানাতেও তল্লাশি চালিয়েছিল ইডি।

Advertisement
আরও পড়ুন